প্রথমে ১৬ আগস্ট। তারপরে তা বাড়িয়ে হল ২৩ আগস্ট। এবার সেই মেয়াদ ফের বাড়তে চলেছে। রান্নার গ্যাসের ই-কেওয়াইসির মেয়াদ ফের বাড়ল তেল বিপণন সংস্থাগুলি। এবার মেয়াদ বাড়িয়ে ৩১ আগস্ট করা হল। যেসব গ্রাহকদের এখনও পর্যন্ত ই-কেওয়াইসি বাকি রয়েছে, তাঁদের এর মধ্যে সম্পন্ন করতে হবে।
রাষ্ট্রয়ত্ত্ব তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েলের এক আধিকারিক বলেন, এখনও পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি প্রক্রিয়া হয়েছে। নাম বদলের জন্যই বেশি গ্রাহক আসছেন। তেল বিপণন সংস্থাগুলির দাবি, এখনও পর্যন্ত প্রায় ১৪ শতাংশ গ্রাহকের ই-কেওয়াইসি বাকি রয়েছে।
অন্যদিকে, কলকাতার একটি গ্যাস ডিস্ট্রিবিউটর সংগঠনের একজন কর্তা জানিয়েছেন, রাষ্ট্রয়ত্ত্ব তেল সংস্থাগুলি ই-কেওয়াইসির সময়সীমা বারবার বৃদ্ধি করছে। কিন্তু কোনও বারই সরকারি বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না। পরে গ্রাহকরা এসে নোটিফিকেশন দেখতে চাইলে তা দেখানো যাচ্ছে না। তবে সময়সীমা বাড়লেও ৩১ আগস্টের মধ্যে সকল গ্রাহকের ই-কেওয়াইসি শেষ করা সম্ভব নয়।
তিন তেল সংস্থা রোজ রাজ্যে ১.৪-১.৫ লক্ষ গ্রাহকের ই-কেওয়াইসি করছে। এখনও পর্যন্ত ৩৬-৩৮ লক্ষ গ্রাহকের বাকি রয়েছে। এভাবে কাজ চলতে থাকলে ফের সময়সীমা বাড়ানো হতে পারে। উল্লেখ্য, এর আগে ১৬ আগস্টের মধ্যে গ্যাসের ই-কেওয়াইসি সম্পূর্ণ করার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেই নির্দেশের পর গ্রাহকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। তবে দ্রুত কাজ সেরে ফেলার জন্য গ্যাস সংস্থাগুলির ডিস্ট্রিবিউটরদের তরফে আশ্বাস দিয়ে জানানো হয়েছিল, ১৫ আগস্ট দুপুর ১২টা থেকে অফিস খোলা থাকবে।
আরও পড়ুন: বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়সীমা, স্বস্তি গ্রাহকদের, কী জানাল কেন্দ্র?
এরপর ইনডেন, এইচপি ও ভারত গ্যাসের পক্ষ থেকে ডিলারদের মেয়াদ বৃদ্ধির কথা জানানো হয়েছে। আগামী ২৩ আগস্ট পর্যন্ত গ্রাহকরা রান্নার গ্যাসে ই-কেওয়াইসি করার সুযোগ পাবেন বলে জানানো হয়েছিল। এর মধ্যে কেন্দ্র ফের কিছুটা সময় বাড়াল। তবে কোন গ্রাহক যদি ই-কেওয়াইসি না করান, তাহলে তাঁকে গ্যাসের জন্য বাড়ি টাকা গুনতে হবে। কত বাড়তি কড়ি গুনতে হবে, তা এখনও পর্যন্ত নিশ্চিত করেনি সরকার।




