সাইবার অপরাধের বিরুদ্ধে রাজ্যজুড়ে বিশেষ অভিযান শুরু করল পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং। ‘অপারেশন সাইবার প্রহার’ নামে এই অভিযানে সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত হটস্পট এবং অপরাধচক্রের সহায়ক নেটওয়ার্কগুলিকে চিহ্নিত করে এই অভিযান চালানো হচ্ছে।
পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং (এস৪সি)-এর উদ্যোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সমন্বিতভাবে চলছে এই অভিযান। সাইবার অপরাধের হটস্পট হিসেবে চিহ্নিত এলাকাগুলির পাশাপাশি সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত বিভিন্ন নেটওয়ার্কের উপর বিশেষ নজর রাখা হচ্ছে।
জানা গিয়েছে, গত সাত দিনে এই অভিযানে রাজ্যজুড়ে মোট ৬৯টি এফআইআর দায়ের করা হয়েছে এবং ১০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকায় পশ্চিমবঙ্গের সাইবার ক্রাইম উইংয়ের হাতে গ্রেপ্তার হয়েছে ৪০ জন। তদন্তে এখনও পর্যন্ত প্রায় ৯২.৬৬৪ কোটি টাকার প্রতারণার যোগসূত্র সামনে এসেছে।
অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যেই তিনটি ভুয়ো কল সেন্টারে হানা দিয়েছে পুলিশ। এছাড়াও সাইবার প্রতারণার সঙ্গে যুক্ত ‘মিউল’ বা সুবিধাভোগী ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সন্দেহজনক এটিএম ও নগদ টাকা তোলার জায়গা, ব্যাঙ্কের শাখা, পিওএস পয়েন্ট এবং সিম ইস্যু সংক্রান্ত বিভিন্ন কেন্দ্রেও নজরদারি ও অভিযান চালানো হচ্ছে।
কলকাতা পুলিশের আওতাধীন এলাকাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে সমন্বিতভাবে এই অভিযান চলছে। সংগঠিত সাইবার অপরাধ এবং তার সহায়ক পরিকাঠামোর বিরুদ্ধে এই অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের সাইবার ক্রাইম উইং।




