• facebook
  • twitter
  • youtube
Saturday, 22 August, 2026

ফুটো কন্ডোম নিয়ে ফ্রান্সে উদ্বেগ, বাজার থেকে তুলে নেওয়া হল ২ লক্ষ ৬০ হাজার

ফ্রান্সের বাজারে ছড়িয়ে পড়েছে কয়েক হাজার ত্রুটিপূর্ণ কন্ডোম। পরীক্ষায় দেখা গিয়েছে, ওই কন্ডোমগুলির ছিঁড়ে যাওয়া বা ফুটো হয়ে গিয়েছে

ফুটো কন্ডোম নিয়ে ফ্রান্সে উদ্বেগ, বাজার থেকে তুলে নেওয়া হল ২ লক্ষ ৬০ হাজার

ত্রুটিপূর্ণ কন্ডোম নিয়ে উদ্বেগ ফ্রান্সে AI

ফ্রান্সের বাজারে ছড়িয়ে পড়েছে কয়েক হাজার ত্রুটিপূর্ণ কন্ডোম। পরীক্ষায় দেখা গিয়েছে, ওই কন্ডোমগুলির ছিঁড়ে যাওয়া বা ফুটো হয়ে গিয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর প্রায় ২ লক্ষ ৬০ হাজার কন্ডোম বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে ফরাসি সরকার। তবে তার আগেই প্রায় ৪০ হাজার কন্ডোম গ্রাহকদের কাছে বিক্রি হয়ে গিয়েছে।

ফরাসি তদন্তকারী সংস্থার তরফে শুক্রবার জানানো হয়েছে, দোকান, ওষুধের দোকান এবং অনলাইনে বিক্রি হওয়া কয়েক হাজার কন্ডোম স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পরীক্ষায় কন্ডোমগুলির গুণমান নিয়ে গুরুতর ত্রুটি ধরা পড়েছে। এর মধ্যে ছিঁড়ে যাওয়া এবং ছোট ছোট ছিদ্র তৈরি হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।

ফ্রান্সের ভোক্তা বিষয়ক নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিসিআরএফ এবং স্বাস্থ্য সংস্থা ডিজিএস যৌথ বিবৃতিতে জানিয়েছে, ওষুধের দোকান থেকে প্রায় ২ লক্ষ ৬০ হাজার কন্ডোম ইতিমধ্যেই তুলে নেওয়া হয়েছে। অনলাইন বাজারে বিক্রি হওয়া আরও ৩০ ধরনের কন্ডোমও ইউরোপীয় ইউনিয়নের নিরাপত্তা সংক্রান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

সমস্যার বিষয়টি সামনে আসার পর জানা যায়, অনলাইনে বিক্রি হওয়া ওই ত্রুটিপূর্ণ কন্ডোমের প্রায় ১,০০০ বাক্স, অর্থাৎ ৪০ হাজারেরও বেশি কন্ডোম ইতিমধ্যেই গ্রাহকদের কাছে পৌঁছে গিয়েছে। এরপর দ্রুত সেগুলি বাজার থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, যাঁরা ওই কন্ডোম ব্যবহার করেছেন, তাঁদের যৌনবাহিত রোগের পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, যাঁদের মাসিক বন্ধ হয়ে গিয়েছে, তাঁদের গর্ভধারণের পরীক্ষাও করাতে বলা হয়েছে।

পরীক্ষায় ত্রুটি ধরা পড়া পণ্যগুলির মধ্যে জাপানের ওকামোটো ইন্ডাস্ট্রিজের দুটি পণ্য রয়েছে। এছাড়াও ফ্রান্সের মাই লুবি এবং ফ্রাইডে বে-র কিছু পণ্যও পরীক্ষায় ব্যর্থ হয়েছে। মাই লুবির প্রধান নির্বাহী জানিয়েছেন, তাঁদের ক্ষেত্রে শুধুমাত্র একটি নির্দিষ্ট ব্যাচেই ত্রুটি ধরা পড়েছে।