• facebook
  • twitter
  • youtube
Wednesday, 19 August, 2026

অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার টোপ, প্রতারণার পর্দাফাঁস করল পুলিশ

একাধিক মহিলারা পুলিশের কাছে অভিযোগ করেছেন, নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া শুরু করে গুঞ্জন

অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার টোপ, প্রতারণার পর্দাফাঁস করল পুলিশ

Youth Detained Photo-SNS

অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। একাধিক মহিলার কাছ থেকে টাকা নিয়ে দিব্যি পকেট গরম করছিল ওই যুবক বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করল উলুবেড়িয়া থানার পুলিশ। বুধবার এই ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয়ে। খোদ উলুবেড়িয়া  মহকুমারশাসকের কার্যালয় চত্বর থেকে মহিলাদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। আর তখনই হাতেনাতে পাকড়াও করা হলো উলুবেড়িয়া ধুলসিমলার বাসিন্দা গুঞ্জন মণ্ডলকে। বেশ কিছু দিন ধরেই উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয়ে চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায় যুবক গুঞ্জন মণ্ডলকে বলে অভিযোগ। এদিন সকালে অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস জানার জন্য অনেক মহিলাই ভিড় করেন উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয়ে।

আর ওই মহিলাদের আবেগকে কাজে লাগিয়ে টাকা লুটে নিচ্ছিল বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক গুঞ্জন মণ্ডলের বাড়ি উলুবেড়িয়া থানার ধুলাসিমলায়। অন্নপূর্ণা যোজনার তালিকায় নিজেদের নাম রয়েছে কিনা দেখতে প্রায় প্রত্যেকদিনই উলুবেড়িয়া মহকুমাশাসকের দপ্তরে মহিলারা ভিড় করছেন। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে টাকা পকেটে ভরছিল অভিযুক্ত গুঞ্জন। মহিলাদের অন্নপূর্ণা যোজনার টাকা পাইয়ে দেওয়ার জন্য কারও কাছ থেকে ২০০, কারও থেকে ৫০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে ওই যুবকের বিরুদ্ধে। বুধবার উলুবেড়িয়া মহকুমাশাসকের কার্যালয়ের কর্মীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। টাকা নেওয়ার কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক। অভিযুক্ত যুবকের মোবাইল থেকে বেশ কিছু আধার কার্ডও মিলেছে। তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হলে অভিযুক্তকে আটক করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।

একাধিক মহিলারা পুলিশের কাছে অভিযোগ করেছেন, নাম তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া শুরু করে গুঞ্জন। একাধিক মহিলাকে নানা জায়গায় সময় দিয়ে টাকা তুলছিল অভিযুক্ত যুবক। এদিন সকালে এক মহিলার কাছ থেকে টাকা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ কর্মীরা। পরে অভিযুক্ত যুবককে আটক করা হয়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবক নিজের দোষ স্বীকার করে নিয়ে দাবি করেছে, বাবার শারীরিক অসুস্থতার জেরেই সে এই কাজ করতে বাধ্য হয়েছিল। অভিযুক্ত যুবক এদিন যে মহিলার কাছ থেকে টাকা নিয়েছিল সেটা সে ফেরত দিয়েছে।

তাছাড়া ১৭ তারিখ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া শুরু হয়েছে। যা চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত। অনেকেই ১৭ তারিখ টাকা পাননি। তাঁরা অপেক্ষা করে আছেন টাকা পাবেন বলে। সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারণা করে চলেছিল যুবক গুঞ্জন। মহকুমাশাসকের দপ্তরে থাকা সরকারি কর্মীরা  প্রশ্ন করতেই সত্য সামনে আসে। হাতেনাতে ধরে ফেলা হয় গুঞ্জনকে।