কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার বিপুল পরিমাণ সোনা। ১১ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয় বার বিমানবন্দর চত্বর থেকে কোটি টাকার সোনা উদ্ধার করা হল। সোমবার ব্যাংকক থেকে কলকাতাগামী একটি বিমানে তল্লাশি চালিয়ে প্রায় ৯০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। ঘটনায় দুই যাত্রীকে আটক করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে খবর, সোমবার ব্যাংকক থেকে কলকাতায় আসা ওই দুই যাত্রীর বিষয়ে আগেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়েছিল। সেই তথ্যের ভিত্তিতে বিমানবন্দরে তাঁদের উপর নজরদারি শুরু করা হয়। পরে সন্দেহ হওয়ায় দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জেরায় তাঁদের কাছে সোনা থাকার কথা স্বীকার করেন তাঁরা।
এরপর তাঁদের কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম সোনা পুলিশ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া সোনাগুলি ২৪ ক্যারেটের। বাজারমূল্য প্রায় ১ কোটি ৩৫ লক্ষ টাকা। এই সোনা কোথা থেকে আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্য ছিল, তা জানতে তদন্ত শুরু করেছে এনএসসিবিআই থানার পুলিশ।
পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে আন্তঃরাজ্য সোনা পাচার চক্রের যোগ থাকতে পারে। আটক দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করে পাচার চক্রের সঙ্গে তাঁদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোনার আসল উৎস এবং গন্তব্য জানারও চেষ্টা করছেন তদন্তকারীরা।
এর আগে গত ৬ আগস্ট কলকাতা বিমানবন্দর থেকে এক কোটি টাকার বেশি মূল্যের সোনা, রুপো, চুনি ও পান্না উদ্ধার হয়েছিল। ডোমেস্টিক কার্গোর মাধ্যমে ওই বিপুল পরিমাণ গয়না কলকাতায় আনা হয়েছিল বলে জানা যায়। সেই ঘটনায় রাজস্থানের এক যুবককে গ্রেপ্তার করেছিল এনএসসিবিআই থানার পুলিশ।
সেই ঘটনার ১১ দিনের মধ্যেই ফের কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার হল কোটি টাকার সোনা। পরপর এই ধরনের ঘটনা ঘটায় বিমানবন্দরে সোনা পাচার নিয়ে নতুন করে নজরদারি বাড়ানো হয়েছে।




