বাংলাদেশের সফর নিয়ে অনিশ্চয়তা কাটার আগেই ভারতের সামনে এসে গেল নতুন সূচি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (ACB)। বিসিসিআইয়ের সম্মতি পাওয়ার পরই এ কথা আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে আফগান বোর্ড। ম্যাচগুলি হবে ১৩, ১৫ এবং ১৭ সেপ্টেম্বর।
এই সিরিজের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল—আফগানিস্তানই সিরিজের ‘আয়োজক’ দল, অথচ তিনটি ম্যাচই হবে ভারতের মাটিতে, দিল্লিতে। অরুণ জেটলি স্টেডিয়ামেই বসবে তিনটি ম্যাচের আসর। আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১৩ থেকে ১৭ সেপ্টেম্বরের এই সিরিজের দিন ও ভেন্যু বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত করা হয়েছে। এই খবর জানিয়েছে ভারতীয় ক্রিকেট ওয়েবসাইট ‘ক্রিকবাজ’।
আফগানিস্তানের সঙ্গে সিরিজের দিন ঘোষণার পর ভারতের প্রস্তাবিত বাংলাদেশ সফরের ভবিষ্যৎ কার্যত অনিশ্চিত হয়ে পড়ল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ভারতের বিরুদ্ধে ছ’টি সাদা বলের ম্যাচ আয়োজনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আফগানিস্তান সিরিজের প্রথম ম্যাচই ১৩ সেপ্টেম্বর হওয়ায় দুই সূচির মধ্যে সংঘাত হচ্ছে।
আগে ঠিক ছিল তিনটি টি-২০ ও তিনটি ওয়ান ডে খেলতে বাংলাদেশে যাবে ভারত। এই সফরের জন্য ভারতীয় বোর্ড আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ স্থগিত রাখার কথাও ভেবেছিল। শোনা গিয়েছিল কেন্দ্রীয় সরকারের উৎসাহেই ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে তৎপরতা শুরু করে দিয়েছিল বোর্ড। এমনকী, ছ’টি ম্যাচের খসড়া সূচিও তৈরি হয়ে গিয়েছিল।
প্রাথমিক ভাবে স্থির হয়েছিল, ২৮ অগাস্ট ঢাকায় পৌঁছবে ভারতীয় দল এবং ১ থেকে ১৫ সেপ্টম্বরের মধ্যে তিনটি ওয়ান ডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলবে তারা। সেজন্য আফগানিস্তান সিরিজ পিছিয়ে দেওয়ার সম্ভাবনাও তৈরি হয়। তবে এই সফরের ভবিষ্যৎ ঝুলে ছিল ভারত সরকারের সবুজ সঙ্কেতের উপর। দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক এবং ক্রিকেটারদের নিরাপত্তা কতটা, তা খতিয়ে দেখে এই সবুজ সঙ্কেত দেওয়ার কথা ছিল সরকারের। কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত কোনো সবুজ সঙ্কেত আসেনি ভারতীয় বোর্ডের কাছে।
ফলে শেষ মুহূর্তে কোনও সরকারি সিদ্ধান্তে সূচি বদল না হলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সেই সিরিজ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। আফগান বোর্ডও জানিয়েছে, সংশ্লিষ্ট মিডিয়া-স্বত্বাধিকারী এবং অংশীদারেরা এখন ঘোষিত সূচি অনুযায়ী নিজেদের প্রস্তুতি শুরু করতে পারবেন।
তবে এখানেও রয়েছে সামান্য পরিবর্তনের সম্ভাবনা। জানা যাচ্ছে, আফগানিস্তান ক্রিকেট বোর্ড তিনটি ম্যাচের মধ্যে একটি ম্যাচ ১৪ সেপ্টেম্বরে করার ব্যাপারে বিসিসিআইয়ের কাছে অনুরোধ জানিয়েছে। প্রথম অথবা দ্বিতীয় ম্যাচের দিন বদলানো যায় কি না, তা নিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে।
অর্থাৎ, আপাতত সরকারি ভাবে ঘোষিত সূচি ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর হলেও, শেষ পর্যন্ত তার মধ্যে সামান্য পরিবর্তন হতে পারে। এই সিরিজে আরও একটি ঐতিহাসিক দিক রয়েছে। আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে এই প্রথম তারা ভারতের বিরুদ্ধে ‘হোম’ সিরিজ খেলবে। যদিও বাস্তবে নিরাপত্তা ও পরিকাঠামোগত কারণে সেই ম্যাচগুলি হবে ভারতেরই মাটিতে।
ভারতীয় ক্রিকেটে তাই সেপ্টেম্বরের ব্যস্ততা আরও বাড়ছে। এক দিকে আফগানিস্তানের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি, অন্য দিকে বাংলাদেশের সঙ্গে প্রস্তাবিত সিরিজের অনিশ্চয়তা—সব মিলিয়ে সূচি নিয়ে বিসিসিআইয়ের সামনে নতুন সমীকরণ তৈরি হয়েছে। আফগানিস্তান সিরিজের দিন যখন কার্যত পাকা, তখন বাংলাদেশের বিরুদ্ধে ভারতের সিরিজ শেষ পর্যন্ত হয় কি না—সেটাই এখন বড় প্রশ্ন।




