• facebook
  • twitter
  • youtube
Friday, 7 August, 2026

দুটি গোল, একটি অ্যাসিস্ট! বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ফের মেসি-ম্যাজিক, ইন্টার মায়ামির দুরন্ত জয়

সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে তাঁর দুই গোল ও অনবদ্য অ্যাসিস্টের ভিডিও। নতুন মরসুমে আবারও মেসির পায়েই যে ইন্টার মায়ামির স্বপ্ন বেঁচে রয়েছে, সেই বার্তাই যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল।

দুটি গোল, একটি অ্যাসিস্ট! বিশ্বকাপের ব্যর্থতা ভুলে ফের মেসি-ম্যাজিক, ইন্টার মায়ামির দুরন্ত জয়

Photo: X

বিশ্বকাপ ফাইনালের হতাশা যেন পিছনে ফেলে আবারও নিজের চেনা ছন্দে ফিরলেন লিওনেল মেসি। গোলও করলেন, সতীর্থকে দিয়ে গোল করালেনও। আর তাঁর দুরন্ত পারফরম্যান্সেই লিগ কাপে অ্যাটলেটিকো সান লুইসকে ৪-২ গোলে হারাল ইন্টার মায়ামি।

ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে সহজ ছিল না। পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় তারা। সেই প্রত্যাবর্তনের নায়ক মেসি। ম্যাচের ১১ মিনিটে প্রথম গোল করেন আর্জেন্টিনার অধিনায়ক। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে, ৪৪ মিনিটে নিজের দ্বিতীয় গোলটিও করে দলকে এগিয়ে দেন। শুধু গোলই নয়, একটি অ্যাসিস্টও করেন তিনি। সব মিলিয়ে তিনটি গোলেই সরাসরি অবদান রেখে ম্যাচের সেরা হয়ে ওঠেন মেসি।

এই দুই গোলের সুবাদে লিগ কাপে নতুন ইতিহাসও গড়েছেন মেসি। প্রতিযোগিতায় তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ১৪, যা লিগ কাপের ইতিহাসে সর্বাধিক। এতদিন এই রেকর্ড ছিল লস অ্যাঞ্জেলিস এফসি-র ডেনি বুয়াঙ্গার দখলে। তাঁকে এক গোলে পিছনে ফেলে শীর্ষে উঠে এলেন আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপের পর এটি ছিল মেসির দ্বিতীয় ম্যাচ। প্রথম একাদশে ফিরে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলেন তিনি। মাঝখানে বজ্রপাতের আশঙ্কায় দ্বিতীয়ার্ধে প্রায় ৩০ মিনিট খেলা বন্ধ থাকলেও তাতে মেসির ছন্দে কোনও প্রভাব পড়েনি। বরং মাঠে নেমেই তিনি আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন।

বিশ্বকাপ ফাইনালের তিক্ত স্মৃতি ভুলে মেসির এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত ইন্টার মায়ামি সমর্থকেরা। সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে তাঁর দুই গোল ও অনবদ্য অ্যাসিস্টের ভিডিও। নতুন মরসুমে আবারও মেসির পায়েই যে ইন্টার মায়ামির স্বপ্ন বেঁচে রয়েছে, সেই বার্তাই যেন আরও একবার স্পষ্ট হয়ে গেল।