• facebook
  • twitter
  • youtube
Wednesday, 5 August, 2026

মাছ-চিজ এবার থেকে রোগীদের পাতে, সরকারি হাসপাতালের খাদ্যতালিকা দেখলে চমকে উঠবেন

রাজ্যের সরকারি হাসপাতালের খাবার নিয়ে এতদিন মানুষের মনে যে ধারণা ছিল, এবার তার আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।

মাছ-চিজ এবার থেকে রোগীদের পাতে, সরকারি হাসপাতালের খাদ্যতালিকা দেখলে চমকে উঠবেন

Photo: সরকারি হাসপাতালের খাদ্যতালিকা (AI)

সকালে জলখাবারে রোগীদের পাতে পড়বে পাউরুটি-ডিম। দুপুরে পাতে পড়বে রুই-কাতলা মাছ। রাতের খাবারে আবার রয়েছে ডিম থেকে চিজ। এই মেনু কোনও বেসরকারি হাসপাতালের নয়, বরং সরকারি হাসপাতালের। এবার রাজ্যের সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের সকাল থেকে রাত পর্যন্ত মিলবে এরকমই নানান পুষ্টিকর খাবার। রাজ্যের সরকারি হাসপাতালের খাবার নিয়ে এতদিন মানুষের মনে যে ধারণা ছিল, এবার তার আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এমনটাই জানিয়েছেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী।

রাজ্যের সরকারি হাসপাতালের রোগীদের খাবারের তালিকায় কী কী রয়েছে জানেন? পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছেন, সকালে রোগীদের চা ও দুটি বিস্কুট দেওয়া হবে। এরপর জলখাবারে দেওয়া হবে দুধ, কলা, চিনি দিয়ে পাউরুটি ও ডিম সেদ্ধ। দুপুরের খাবারে দেওয়া হবে ভাত, ডাল, আলুর তরকারি, সবজির তরকারি, রুই ও কাতলা মাছ। বিকেলেও কিন্তু রোগীদের জন্য খাবার রাখা হয়েছে। বিকেলেও সকালের মতো দেওয়া হবে চা ও দুটি বিস্কুট।

বিকেলের পরে সন্ধ্যায় মুড়ি, বাদাম ও শশা দেওয়া হবে। রাতের খাবারে দেওয়া হবে ভাত, ডাল, রুটি, আলুর তরকারি, ডিম সেদ্ধ ও একটি করে চিজ। পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছেন, ১ আগস্ট থেকে রাজ্যের সরকারি হাসপাতালের রোগীদের খাদ্যতালিকায় বদল আসতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর লক্ষ্য হল সুস্থ বাংলা। সেই লক্ষ্যে রোগীদের খাবার তালিকার জন্য দৈনিক বরাদ্দ ৫৬.৬৪ টাকা থেকে বাড়িয়ে ১১০ টাকা করা হয়েছে।

আরও পড়ুন: দুর্নীতির অভিযোগের বদলে জল-কারেন্টের নালিশ, নাজেহাল নবান্নের হেল্পলাইন

এর আগে জুলাই মাসে সরকারি হাসপাতালে ভর্তি রোগীদের খাবার বাবদ বরাদ্দ বাড়ানোর ঘোষণা করেছিল রাজ্য সরকার। এবার রোগীদের খাদ্যতালিকায় আসতে চলেছে সেই আমূল পরিবর্তন।