• facebook
  • twitter
  • youtube
Monday, 27 July, 2026

শেষ লিফটে সোনা হাতছাড়া, তবু রুপো জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন জ্ঞানেশ্বরী যাদব

এই রুপোর পদক জ্ঞানেশ্বরীর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য। চলতি বছরই এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে

শেষ লিফটে সোনা হাতছাড়া, তবু রুপো জিতে ভারতের মুখ উজ্জ্বল করলেন জ্ঞানেশ্বরী যাদব

Gyaneshwari Yadav Photo-SNS

কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে সাফল্যের ধারা বজায় রাখলেন জ্ঞানেশ্বরী যাদব। মহিলাদের ৫৩ কেজি বিভাগে দুরন্ত লড়াইয়ের পর রুপোর পদক জিতলেন ভারতের এই তরুণী। শেষ চেষ্টায় সোনা জয়ের সুযোগ তৈরি হলেও তা কাজে লাগাতে না পারায় দ্বিতীয় স্থানেই শেষ করতে হয় তাঁকে।

প্রতিযোগিতায় জ্ঞানেশ্বরী মোট ১৯৬ কেজি (স্ন্যাচে ৮৮ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ১০৮ কেজি) ওজন তুলে রুপো নিশ্চিত করেন। স্ন্যাচ পর্বের পর তিনি পদকের লড়াইয়ে ভালো জায়গাতেই ছিলেন। ক্লিন অ্যান্ড জার্কেও আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখান। তবে শেষ লিফটে বেশি ওজন তুলে সোনার লক্ষ্যে ঝুঁকি নিলেও সেই চেষ্টা সফল হয়নি।

জ্ঞানেশ্বরীর প্রতিযোগিতা ছিল অত্যন্ত নাটকীয়। শেষ রাউন্ড পর্যন্ত সোনা ও রুপোর হাড্ডাহাড্ডি লড়াই চলে। জ্ঞানেশ্বরীর শেষ চেষ্টা সফল হলে সোনাও জিততে পারতেন। কিন্তু অল্পের জন্য সেই স্বপ্ন অধরাই থেকে যায়।

এই রুপোর পদক জ্ঞানেশ্বরীর কেরিয়ারের অন্যতম বড় সাফল্য। চলতি বছরই এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে স্ন্যাচে রুপো এবং মোট ফলাফলে ব্রোঞ্জ জিতে নজর কেড়েছিলেন তিনি। সেই ধারাবাহিকতাই গ্লাসগোর মঞ্চেও বজায় রাখলেন ভারতীয় ভারোত্তোলক।

জ্ঞানেশ্বরীর পদকের সুবাদে কমনওয়েলথ গেমসে ভারতের ভারোত্তোলন দলের সাফল্য আরও সমৃদ্ধ হল। এর আগে মীরাবাই চাণু সোনা, ঋষিকান্ত সিং চানামবাম এবং রাজা মুথুপান্ডি রুপো জিতেছিলেন। জ্ঞানেশ্বরীর রুপো ভারতের ভারোত্তোলকদের ধারাবাহিক সাফল্যের আরও একটি উল্লেখযোগ্য সাফল্য হয়ে রইল।