শেক্সপিয়ার সরণির একটি নামী সোনার দোকান থেকে বিপুল পরিমাণ সোনা ও রুপো তছরুপের অভিযোগের তদন্তে আরও দু’জনকে গ্রেফতার করল লালবাজারের জালিয়াতি দমন শাখা। ধৃতদের নাম শ্যাম পারেখ ও সুশীল পারেখ। পুলিশ সূত্রে খবর, রিষড়া থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। বুধবার ধৃত দু’জনকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়।
সরকারি কৌঁসুলি রাধানাথ রং আদালতে জানান, শেকসপিয়ার সরণির ওই সোনার দোকান থেকে প্রায় ৬০ কেজি সোনা এবং ১০ কেজি রুপো তছরুপের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই দোকানের কর্মী অনন্ত কুমার গুপ্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তকারীরা শ্যাম পারেখ ও সুশীল পারেখের নাম জানতে পারেন।
অভিযোগ, ভুয়ো ইনভয়েস তৈরি করে দোকান থেকে সোনা ও রুপো সরিয়ে নেওয়া হয়েছিল। সব মিলিয়ে তছরুপ করা সামগ্রীর আনুমানিক মূল্য ৬৬ কোটি টাকা বলে আদালতে জানিয়েছে পুলিশ। এই বিপুল অঙ্কের তছরুপের পিছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তদন্তের স্বার্থে ধৃত দু’জনকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। সেই আবেদন মঞ্জুর করে আদালত আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত শ্যাম পারেখ ও সুশীল পারেখকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
এখন ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তছরুপের পুরো চক্র, ভুয়ো নথি তৈরির পদ্ধতি এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা জানার চেষ্টা করছে লালবাজারের জালিয়াতি দমন শাখা।




