জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগে জড়িত কন্ট্রাক্টর ও সরকারি আধিকারিকদের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপের বার্তা দিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের মন্ত্রী অজয় পোদ্দার। বাজেট আলোচনার জবাবি ভাষণে তিনি স্পষ্ট জানিয়ে দেন, তদন্তে দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ১৫ দিনের মধ্যে এফআইআর দায়ের করে গ্রেফতার করা হবে।
মন্ত্রী জানান, প্রকল্পে প্রায় ২০০ জন বড় কন্ট্রাক্টর রয়েছেন, যাঁরা মোট কাজের প্রায় ৭০ শতাংশ পেয়েছেন। অন্যদিকে, প্রায় ৫,২০০ জন কন্ট্রাক্টর বাকি ৩০ শতাংশ কাজের দায়িত্বে রয়েছেন। অভিযোগ, ওই ২০০ কন্ট্রাক্টরের মধ্যে একাধিক সংস্থা ১০০ শতাংশ অর্থ তুলে নিয়েও মাত্র ৪০ শতাংশ কাজ সম্পন্ন করেছে। তাঁদের বিরুদ্ধেই অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত শুরু হবে।
শুধু কন্ট্রাক্টরই নয়, যেসব সরকারি আধিকারিক এই প্রকল্পের ফাইলে সই করে অনিয়মে ভূমিকায় রেখেছেন, তাঁদেরও তদন্তের আওতায় আনা হবে। প্রয়োজনে সাসপেন্ড-সহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মন্ত্রী।
অন্যদিকে, যেসব কন্ট্রাক্টর ৭৫ শতাংশের বেশি কাজ সম্পন্ন করেছেন, তাঁদের বকেয়া অর্থ ধাপে ধাপে মিটিয়ে দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
পাশাপাশি শুক্রবার বিধানসভায় এও জানিয়েছেন,২০২৮ সালের মধ্যে রাজ্যের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণে সরকার বদ্ধপরিকর। আগামী ১৫ দিনের মধ্যে সমস্ত বিধায়কের কাছে চিঠি পাঠানো হবে। সেখানে তাঁদের নিজ নিজ এলাকায় জল জীবন মিশনের কাজের অগ্রগতি, কতটা সম্পন্ন হয়েছে এবং কতটা বাকি রয়েছে, তার বিস্তারিত তথ্য চাওয়া হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই দ্রুত প্রয়োজনীয় এলাকায় পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ এগিয়ে নিয়ে যাওয়া হবে।




