লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ভবিষ্যৎ নিয়ে সম্ভবত জল্পনার অবসান হতে চলেছে। আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক নাকি জাতীয় দলের হয়ে আর বেশি দিন খেলবেন না। আর্জেন্টিনার বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আগামী কয়েক মাস আর্জেন্টিনার জার্সিতে খেলেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন ৩৯ বছরের মহাতারকা। হয়তো এ বছরেই।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হারের পর থেকেই মেসির অবসর নিয়ে জোর আলোচনা শুরু হয়। তবে তিনি তখন আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এবার প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত খেলার কোনও পরিকল্পনা নেই মেসির। বরং চলতি বছরের বাকি আন্তর্জাতিক সূচি শেষ করেই জাতীয় দলকে বিদায় জানাতে চান তিনি।
বিশ্বকাপ ফাইনালের আগে সামাজিক মাধ্যমে মেসি একটি আবেগঘন বার্তা দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, “El Ultimo Tango” (দ্য লাস্ট ট্যাঙ্গো)। সেই পোস্ট ঘিরেই জল্পনা আরও বেড়ে যায় যে, এটাই হয়তো আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ বিশ্বকাপ।
খবরে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ালেও ক্লাব ফুটবল চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে মেসির। ইন্টার মায়ামির সঙ্গে তাঁর চুক্তি ২০২৮ পর্যন্ত এবং আপাতত ক্লাব ফুটবলেই মন দিতে চান তিনি।
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে আর্জেন্টিনার হয়ে অসংখ্য সাফল্য এনে দিয়েছেন মেসি। ২০২২ বিশ্বকাপ জয়ের পাশাপাশি কোপা আমেরিকাও জিতেছেন একাধিকবার। ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনাকে আরও একবার ফাইনালে তুললেও স্পেনের বিরুদ্ধে অতিরিক্ত সময়ে ০-১ ব্যবধানে হারতে হয়। সেই ম্যাচই তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের শেষ অধ্যায়ের শুরু হতে পারে বলেই এখন জোর জল্পনা। যদিও মেসি নিজে অবশ্য এখনও সরকারি ভাবে অবসরের ঘোষণা করেননি।
মেসির পর ওতামেন্দিও বিদায় বললেন! ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারের ইতি আর্জেন্টাইন ডিফেন্ডারের লিওনেল মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই আর্জেন্টিনা শিবিরে আরও এক বড় বিদায়ের খবর পাওয়া গিয়েছে। জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে। ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন ২০২২ বিশ্বকাপজয়ী এই সেন্টার-ব্যাক।
১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক কেরিয়ারে আর্জেন্টিনার হয়ে ১৩৯টি ম্যাচ খেলেছেন ওতামেন্দি। দেশের হয়ে জিতেছেন ২০২২ সালের বিশ্বকাপ এবং পরপর দুটি কোপা আমেরিকা শিরোপা। সদ্য শেষ হওয়া ২০২৬ বিশ্বকাপেও তিনি দলের অন্যতম ভরসা ছিলেন। তবে ফাইনালে স্পেনের কাছে ০-১ গোলে হারা ম্যাচটিই শেষ পর্যন্ত তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে রইল।
সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় ওতামেন্দি লিখেছেন, ‘আজ আমার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ দিন। আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপ ফাইনাল। আমি শান্তিতে বিদায় নিচ্ছি, কারণ দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছি’।
২০০৯-এ দিয়েগো মারাদোনার কোচিংয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল ওতামেন্দির। এরপর চারটি বিশ্বকাপ খেলেছেন তিনি। এছাড়াও ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা জয়ের সঙ্গেও জড়িয়ে রয়েছে তাঁর নাম। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাবেন ওতামেন্দি। সম্প্রতি তিনি আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন।




