• facebook
  • twitter
  • youtube
Saturday, 18 July, 2026

রেলের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইস্টবেঙ্গলের

কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করলো ইস্টবেঙ্গল। শনিবার ঘরের মাঠে ১-০ গোলে রেলওয়ে এফসিকে হারালো তারা।

রেলের বিরুদ্ধে কষ্টার্জিত জয় ইস্টবেঙ্গলের

কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক করলো ইস্টবেঙ্গল। শনিবার ঘরের মাঠে ১-০ গোলে রেলওয়ে এফসিকে হারালো তারা। ম্যাচে লাল-হলুদের হয়ে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন জেসিন টি কে। তবে, ম্যাচ জিতলেও এদিন দলের খেলা কিন্তু চিন্তা বাড়াবে সহকারী কোচ অর্চিষ্মান বিশ্বাসের।

এই ম্যাচের চোটের জন্য খেলতে পারেননি পি ভি বিষ্ণু ও তন্ময় দাস। লাল-হলুদের খেলায় এই দুই খেলোয়াড়ের অভাব বেশ ভালোই বোঝা গেল। বারবার আক্রমণভাগে কিছুটা হলেও একা হয়ে পড়লেন জেসিন। ফলে, প্রথমার্ধে সেইভাবে প্রতিপক্ষকে চাপে ফেলতে পারলো না মনোতোষ মাঝি, সঞ্জীব ঘোষরা। তা সত্ত্বেও গোল করার কিছু সুযোগ পেয়েছিল লাল-হলুদ ব্রিগেড। তা কাজে লাগাতে পারেনি। উল্টো দিকে, পাল্টা আক্রমণ গড়ে তোলার চেষ্টা করে রেলওয়ে এফসি। তবে, তাঁরাও গোলের দেখা পায়নি। যদিও চাপ বেশি ছিল ইস্টবেঙ্গলেরই। কিন্তু, খেলার এই অর্ধে প্রয়োজনীয় গোলের দেখা পায়নি কোনও দলই।

এই অবস্থায় দ্বিতীয়ার্ধের শুরুতেই বক্সের মধ্যে উত্তম হাঁসদাকে ফাউল করলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। যা থেকে গোল করতে ভুল করেননি জেসিন টি কে। এরপরেও অবশ্য বেশকিছু ভালো গোলের সুযোগ পেয়েছিলেন তিনি। ৬৭ মিনিট নাগাদ ফাঁকা হেড মিস করেন জেসিন। ৭৫ মিনিটে তাঁদের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। প্রতি আক্রমণে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিলো রেল দলও। তবে, ইস্টবেঙ্গল রক্ষণভাগ সজাগ থাকায় গোল পরিশোধ করতে পারেনি তারা। শেষপর্যন্ত ব্যবধান বাড়াতে না পারলেও জেসিনের করা ওই একমাত্র গোলেই তিনপয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে লাল-হলুদ ব্রিগেড।