• facebook
  • twitter
  • youtube
Friday, 17 July, 2026

বিপুল পরিমাণ মাদক উদ্ধার কলকাতা পুলিশের

বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কসবা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কলকাতা পুলিশ।

বিপুল পরিমাণ মাদক উদ্ধার কলকাতা পুলিশের

কলকাতা পুলিশের বিরাট সাফল্য।  বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কসবা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে কলকাতা পুলিশ। এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম হাসান আলি (২৮)। তিলজলার চৌবাগা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে ৫৫৮ গ্রাম হাইড্রোপনিক গাঁজা, ৭৬ হাজার ৫০০ টাকা নগদ, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন মাপার স্কেল উদ্ধার করা হয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত আরও বিপুল পরিমাণ মাদক মজুত থাকার কথা জানিয়েছে। এরপর তার দেখানো জায়গায় তল্লাশি চালিয়ে আরও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে পুলিশ। গোটা তল্লাশি অভিযানের ভিডিওগ্রাফিও করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে প্রায় ৭.০০৩ কেজি হাইড্রোপনিক গাঁজা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটিরও বেশি। এছাড়াও উদ্ধার হয়েছে ৭৬ হাজার ৫০০ টাকা নগদ, একটি মোবাইল ফোন এবং একটি ডিজিটাল ওজন মাপার স্কেল।

এই ঘটনায় কসবা থানায় মামলা রুজু হয়েছে। কেস নম্বর: ৩৮২/২০২৬, তারিখ: ১৭ জুলাই, ২০২৬। অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস আইনের ২০(বি)(II)(বি) এবং ২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনার বিষয়ে গোয়েন্দা বিভাগকেও জানানো হয়েছে। তাদের তদারকিতে চলছে তদন্ত।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত দাবি করেছে, সে প্রায় ৮ কেজি হাইড্রোপনিক গাঁজা তার এক সহযোগীর কাছে দিয়েছিল। ওই সহযোগী বর্তমানে পলাতক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পলাতক ব্যক্তির কাছেও প্রায় ১২ কেজি মাদক রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি, ওই মাদক ব্যাংকক থেকে আনা হয়েছিল। পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।