পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার নজরে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের দুই ছেলে এবং স্ত্রী। ইডির সূত্রে খবর, আগামী সপ্তাহে মদন মিত্রের স্ত্রী এবং তাঁর দুই পুত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। কিছু আর্থিক লেনদেনের সূত্রে তাঁদের নাম উঠে এসেছে বলেই তাঁদের তলব করা হয়েছে বলে খবর।
এর আগে গত জুন মাসে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে মদন মিত্রের একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছিল ইডি। কলকাতা ও শহরতলির মোট সাতটি জায়গায় অভিযান চালানো হয়। মদন মিত্রের ভবানীপুর ও কালীঘাটে বাড়িতে হানা দেয় ইডি। পাশাপাশি দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটার বিভিন্ন স্থানেও তল্লাশি চালান তদন্তকারীরা।
শুধু ইডিই নয়, গত বছরের অক্টোবর মাসে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইও তাঁর বাড়িতে প্রায় পাঁচ ঘণ্টা তল্লাশি চালিয়েছিল।এবার সেই তদন্তের সূত্র ধরেই মদন মিত্রের স্ত্রী এবং দুই ছেলেকে তলব করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। এই মামলায় ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেপ্তার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র বসুর বিরুদ্ধে আদালতে চার্জশিটও জমা দিয়েছে।
দক্ষিণ দমদম পুরসভায় চাকরি দেওয়ার নামে বেআইনিভাবে প্রার্থীদের সুপারিশ করার অভিযোগ রয়েছে প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর বিরুদ্ধে। প্রায় ১৫০ জন চাকরিপ্রার্থীর নাম তালিকায় রয়েছে বলে দাবি ইডির। তদন্তকারীদেরর ধারণা, নিয়োগ অনিয়মের মাধ্যমে পাওয়া অর্থ অভিযুক্তদের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়েছে। ইডি সূত্রে খবর, পুরনিয়োগ দুর্নীতির আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় ২৫০ কোটি টাকা।




