পড়ুয়াদের কথা ভেবে এবার বড় সিদ্ধান্ত নিল সিবিএসই বোর্ড। এবার থেকে পড়ুয়ারা সহজেই দশম শ্রেণির পাশের শংসাপত্র বা সার্টিফিকেট পাবে না। সেই সার্টিফিকেট পেতে গেলে তাদের তৃতীয় ভাষা পাশ করতেই হবে। সোমবার এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে সিবিএসই বোর্ড।
বোর্ডের নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা নবম শ্রেণিতে ভর্তি হবে, তাদের জন্য এই নিয়ম কার্যকর হবে। এখন যেসব পড়ুয়ারা দশম শ্রেণিতে পড়ছে এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বোর্ড পরীক্ষা দেবে তাদের ক্ষেত্রে নতুন এই নির্দেশিকা কার্যকর হবে না। যারা ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নবম শ্রেণিতে ভর্তি হবে, তাদের এই নিয়মের অধীনে পরীক্ষা দিতে হবে।
নতুন নিয়ম অনুযায়ী, স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নে তৃতীয় ভাষায় পাশ করতে হবে। এর জন্য কোনও বোর্ড পরীক্ষা দিতে হবে না। কিন্তু অভ্যন্তরীণ পরীক্ষায় যদি কোনও পড়ুয়া পাশ করতে না পারে, তাহলে সে দশম শ্রেণির ফাইনাল পাশের সার্টিফিকেট পাবে না। তবে এখানেও পড়ুয়াদের জন্য কিছু সুযোগ-সুবিধা রয়েছে। যদি কোনও পড়ুয়া দশম শ্রেণিতে তৃতীয় ভাষার অভ্যন্তরীণ মূল্যায়নে ফেল করে তাহলে বোর্ড পরীক্ষার ফলাফল প্রকাশের আগে স্কুলকে ওই পড়ুয়ার পুনর্মূল্যায়ন নেওয়ার সুযোগ দিতে হবে।
তবে একবারই পড়ুয়ারা এই সুযোগ পাবে। অর্থাৎ ওই পড়ুয়া যদি দ্বিতীয় সুযোগেও পাশ করতে না পারে তাহলে তার দশম শ্রেণির ফাইনাল পাশের সার্টিফিকেট আটকে যাবে। নবম শ্রেণির কোনও পড়ুয়া যদি তৃতীয় ভাষায় ফেল করে তাহলে সে দশম শ্রেণিতে উঠতে পারবে। কিন্তু তার জন্য তাকে দশম শ্রেণিতে পড়াকালীন নবম শ্রেণির ওই বিষয়ে পাশ করতে হবে।
সিবিএসই এর আগে জানিয়েছিল, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণি থেকেই তিনটি ভাষা চালু হবে। অর্থাৎ, প্রতিটি পড়ুয়াকে তিনটি ভাষা পড়তেই হবে। ওই তিনটি ভাষার মধ্যে দুটি ভারতীয় ভাষা হতে হবে। ইংরেজি ছাড়া যেসব পড়ুয়ারা জাপানি, জার্মান, ফরাসি ও স্প্যানিসের মতো ভাষা পড়ছে, তারা সেটা পড়তে পারে। কিন্তু এর পাশাপাশি তাকে একটি ভারতীয় ভাষা অতিরিক্ত হিসেবে নিতে হবে। সুতরাং এবার থেকে পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষায় পাশ করে সার্টিফিকেট নিতে হলে সব বিষয়ে সমানভাবে গুরুত্ব দিতে হবে।




