• facebook
  • twitter
  • youtube
Saturday, 11 July, 2026

গ্রিন লাইনে রবিবার মেট্রো বন্ধ থাকবে, কখন থেকে মিলবে ছুটির দিনে পরিষেবা?

রবিবার গ্রিন লাইন মেট্রো রুটে অটোমেটিক ট্রেন অপারেশন সিস্টেমের পরীক্ষা চালাবে রেলওয়ে সেফটি কমিশন

গ্রিন লাইনে রবিবার মেট্রো বন্ধ থাকবে, কখন থেকে মিলবে ছুটির দিনে পরিষেবা?

Kolkata Metro Green Line Photo-SNS

১২ জুলাই রবিবার ছুটির দিনে গ্রিন লাইন অর্থাৎ হাওড়া ময়দান-সেক্টর ফাইভ রুটে বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। রবিবার সকাল থেকেই কার্যত দিনভর গ্রিন লাইনে যাত্রী পরিষেবা বন্ধ থাকবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। অর্থাৎ রবিবার হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবা মিলবে না। তবে বিকেল থেকে নির্দিষ্ট সময়সূচি মেনেই আপ-ডাউন দুই লাইনেই ফের পরিষেবা চালু হবে।

প্রশ্ন হল গ্রিন লাইনে রবিবার কেন বন্ধ থাকবে মেট্রো চলাচল? মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রবিবার গ্রিন লাইন মেট্রো রুটে অটোমেটিক ট্রেন অপারেশন সিস্টেমের পরীক্ষা চালাবে রেলওয়ে সেফটি কমিশন। এই পরীক্ষায় ট্রেনের অপারেশন অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে মেট্রো চলাচল, স্টেশনে সুনির্দিষ্টভাবে মেট্রো থামানো, ট্রেনের গতি বৃদ্ধি, গতি নিয়ন্ত্রণ -সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখা হবে। সে কারণেই রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ রুটে যাত্রী পরিষেবা বন্ধ থাকবে।

জানা গিয়েছে, অন্য রবিবারগুলির মতো সকাল ৯ টা থেকে নয়, বিকেল সাড়ে ৪টে থেকে গ্রিন লাইনে মেট্রো চলাচল শুরু হবে। সাধারণ দিনে গ্রিন লাইনে সকাল ৯ টা থেকে চালু হয় মেট্রো পরিষেবা। উল্লেখ্য, রেলের নিরাপত্তা, নতুন রেললাইনের পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নজরদারি চালানোর দায়িত্ব থাকে ‘কমিশন অফ রেলওয়ে সেফটি’-র।

ইতিমধ্যেই রবিবারের জন্য ট্রেনের পরিবর্তিত সময়সূচি মেট্রো রেলওয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি এই রুটের নিত্যযাত্রীদের সকাল থেকে দুপুর পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, বিকেলের পর নির্দিষ্ট সময়সূচি মেনেই গ্রিন রুটে মেট্রো পরিষেবা মিলবে।