• facebook
  • twitter
  • youtube
Wednesday, 26 August, 2026

গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারকে ২৫ লক্ষ টাকা, দাদাকে সিভিক ভলান্টিয়ারে চাকরি

নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা শুভেন্দুর

গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারকে ২৫ লক্ষ টাকা, দাদাকে সিভিক ভলান্টিয়ারে চাকরি

Image: SNS

আজ বারুইপুরে গিয়ে ধর্ষণ ও খুনের শিকার নাবালিকার পরিবার এবং গণপিটুনিতে নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গণপিটুনিতে নিহত যুবকের পরিবারের হাতে ২৫ লক্ষ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন তিনি। পাশাপাশি ইন্দ্রজিতের দাদাকে সিভিক ভলান্টিয়ারের চাকরির নিয়োগপত্রও তুলে দেওয়া হয়।

 

মুখ্যমন্ত্রী বলেন, নির্যাতিতাতর পরিবারের পাশেও সরকার রয়েছে। তবে তাঁদের কোনও আর্থিক সাহায্য করা হয়েছে কি না বা কী ধরনের সহায়তা দেওয়া হয়েছে, সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি। তাঁর কথায়, প্রয়োজন হলে সেই বিষয়টি পরিবারই জানাবে।

আরও পড়ুন: বারুইপুরে মুখ্যমন্ত্রী, উদ্বোধন করেন নতুন পুলিশ ফাঁড়ি

শনিবার সূর্যপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। গত মঙ্গলবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে নির্যাতিতার পরিবার এলাকায় একটি পুলিশ ফাঁড়ি তৈরির আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের চার দিনের মধ্যেই ফাঁড়ির কাজ শেষ করে উদ্বোধন করা হল। মুখ্যমন্ত্রী বলেন, নাবালিকাকে ধর্ষণ ও খুন এবং গণপিটুনি-দুই ঘটনাতেই দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে।

 

শুভেন্দু বলেন, ‘এখানে একটি একরত্তি মেয়েকে যে ভাবে অত্যাচার করে খুন করা হয়েছে, পরিবারের প্রতি আমরা কৃতজ্ঞ যে ওঁরা তদন্তে সহযোগিতা করেছেন। প্রথম থেকেই পরিবারের পাশে আছি। যে চার জনের নামে অভিযোগ করা হয়েছিল, তাঁদের পুলিশ গ্রেপ্তার করেছে। কেউ কেউ বসিরহাটের বাংলাদেশ সীমান্ত পর্যন্তও পালিয়ে গিয়েছিল। ধরে আনা হয়েছে। বারুইপুর জেলা পুলিশ ভালো কাজ করেছে। বাকি যা ঘটনা ঘটেছে, তা নিয়ে সিআইডি তদন্ত করছে। আমি কিছু বলব না।‘

 

উল্লেখ্য, নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলায় অভিযুক্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে পুলিশি এনকাউন্টারে। সেই ঘটনার তদন্ত করছে সিআইডি। তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী।