• facebook
  • twitter
  • youtube
Friday, 10 July, 2026

অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ এবার ভারতে, উদ্বোধনী ম্যাচ চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে

ক্রীড়া সহযোগিতায় নতুন অধ্যায়ের পথে ভারত-অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ এবার ভারতে,  উদ্বোধনী ম্যাচ  চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে

Image: SNS

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-২০ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ বা বিবিএল এবার দেশের গণ্ডি পেরিয়ে প্রথমবারের মতো পা রাখতে চলেছে ভারতে। ২০২৬-২৭ মরশুমের উদ্বোধনী ম্যাচ হবে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে। অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ যৌথভাবে এই ঘোষণা করেছেন। ক্রিকেট অস্ট্রেলিয়াও পরে বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্রের খবর, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস এবং পার্থ স্কর্চার্স।  বিগ ব্যাশের ইতিহাসে এই প্রথম কোনও অফিসিয়াল ম্যাচ অস্ট্রেলিয়ার বাইরে আয়োজন করা হচ্ছে। ভারতের ক্রিকেটপ্রেমী দর্শকের কাছে টুর্নামেন্টকে আরও জনপ্রিয় করে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। পাশাপাশি ভারতের বাজারে সম্প্রচার, স্পনসরশিপ এবং বিনিয়োগের নতুন সুযোগও তৈরি হবে বলে মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে দাঁড়িয়ে মোদী বলেন, ভারত ও অস্ট্রেলিয়াকে সবচেয়ে সহজে একসূত্রে বাঁধে ক্রিকেট। তাঁর কথায়, দুই দেশের মানুষের কাছে ক্রিকেট শুধু খেলা নয়, আবেগেরও নাম। তিনি বলেন, ‘বিশ্বের ক্রীড়া রাজধানী মেলবোর্নে এসে খেলাধুলা নিয়ে কথা না বলাটা অনেকটা ক্রিকেট ম্যাচে টস জিতেও খেলা শুরু না করার মতো। ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কে ক্রিকেট একটি কূটনৈতিক ভাষা।’চেন্নাইয়ে বিগ ব্যাশের ম্যাচ আয়োজনের সিদ্ধান্তে তিনি উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে অ্যালবানিজ বলেন, খেলাধুলো দুই দেশের বন্ধুত্বকে আরও গভীর করার অন্যতম সেরা মাধ্যম।  

শুধু ক্রিকেটেই নয়, ভবিষ্যতে ক্রীড়া পরিকাঠামো, স্পোর্টস সায়েন্স, প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বিনিয়োগের ক্ষেত্রেও একসঙ্গে কাজ করবে ভারত ও অস্ট্রেলিয়া। ২০৩০ সালের কমনওয়েলথ গেমস এবং ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতেও দুই দেশের সহযোগিতা বাড়বে। পাশাপাশি যুব ক্রীড়াবিদদের নিয়ে আয়োজন করা হবে বিশেষ ইউথ স্পোর্টস ফেস্টিভ্যাল। চেন্নাইয়ের বিগ ব্যাশ ম্যাচকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্প প্রদর্শনী ও নানা আয়োজনেরও পরিকল্পনা করা হয়েছে। সব মিলিয়ে ক্রিকেটের হাত ধরেই ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। 

মেলবোর্নে সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আগামী বছরগুলোতে আমাদের উভয় দেশ অলিম্পিক গেমস ও কমনওয়েলথ গেমসের মতো বড় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করবে। এটি শুধু আমাদের ক্রীড়া সহযোগিতাকেই শক্তিশালী করবে না, বরং ক্রীড়া পরিকাঠামোতে বিনিয়োগের বহু সুযোগও সৃষ্টি করবে। ‘