• facebook
  • twitter
  • youtube
Thursday, 9 July, 2026

দুর্গাপুর-হাওড়ায় ম্যারাথন তল্লাশি, দুর্নীতিতে রাজ্যজুড়ে অভিযান ইডির

অভিযোগ, তিনি শেয়ারবাজার প্রশিক্ষণ ও বিনিয়োগের নামে জাল চিটফান্ড সংস্থা খুলেছিলেন। তাঁর সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, কালীনারায়ণপুর এলাকায় ওই ব্যবসায়ীর দুটি বড়ি ও স্টেশন সংলগ্ন এলাকায় একটি অফিস রয়েছে।

দুর্গাপুর-হাওড়ায় ম্যারাথন তল্লাশি, দুর্নীতিতে রাজ্যজুড়ে অভিযান ইডির

Photo: Statesman

রাজ্যজুড়ে একাধিক জায়গায় ম্যারাথন তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (ইডি)। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নদীয়া-সহ একাধিক জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে। জানা গিয়েছে, চিটফান্ড মামলায় ইডি রাজ্যজুড়ে এই অভিযান চালাচ্ছে। ১০০ কোটি টাকা প্রতারণার অভিযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই অভিযান চালাচ্ছে।

এদিন সকালে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অন্ডালে দিলীপ মল্লিকের বাড়িতে ইডি হানা দেয়। তিনি ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড বা ইসিএলের অবসরপ্রাপ্ত কর্মী। বৃহস্পতিবার সকাল প্রায় ৮টা ১৫ মিনিট নাগাদ ইডির আধিকারিকদের একটি দল দিলীপ মল্লিকের বাড়িতে পৌঁছয়। সূত্রের খবর, অভিযানের সময় বাড়িতে থাকা বিভিন্ন আর্থিক নথি, সম্পত্তি-সংক্রান্ত কাগজপত্র এবং ব্যাঙ্কের লেনদেনের নথি খুঁটিয়ে দেখেন ইডি আধিকারিকেরা।

জানা গিয়েছে, তদন্তের স্বার্থে বেশ কিছু নথি ও রেকর্ডও তাঁরা নিজেদের হেফাজতে নিয়েছেন। দিলীপ মল্লিক দীর্ঘদিন ধরে ইসিএলে কর্মরত ছিলেন। অবসরের পর থেকে তিনি ওই বাড়িতেই পরিবারের সঙ্গে থাকতেন। ইডির অভিযানের খবর ছড়িয়ে পড়তেই সুভাষ নগর এলাকায় মানুষের ভিড় জমে যায়। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গোটা বাড়ি ও সংলগ্ন এলাকা ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করে তল্লাশি চালান। স্থানীয় সূত্রের খবর, তিনি কোনও বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন বলে শোনা যায়নি। তবে ইসিএলে কর্মরত অবস্থায় তিনি কোনও দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন কি না সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, নদীয়ার কালীনারায়ণপুরেও এদিন ইডি তল্লাশি চালায়। স্থানীয় সূত্রের খবর, সেখানে ব্যবসায়ী শুভ্রকান্তি নাগের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পৌঁছয়। অভিযোগ, তিনি শেয়ারবাজার প্রশিক্ষণ ও বিনিয়োগের নামে জাল চিটফান্ড সংস্থা খুলেছিলেন। তাঁর সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, কালীনারায়ণপুর এলাকায় ওই ব্যবসায়ীর দুটি বড়ি ও স্টেশন সংলগ্ন এলাকায় একটি অফিস রয়েছে। তবে ব্যবসায়ী ও তাঁর পরিবার সেই বাড়িতে থাকেন না বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার অন্ডাল, নদীয়ার পাশাপাশি হাওড়া ও হুগলিতে ইডি আধিকারিকরা অভিযান চালান। এদিন হাওড়ার কুচিল সরকার লেনের একটি আবাসনে ইডি তল্লাশি চালায়। স্থানীয় সূত্রের খবর, ওই আবাসনে সৌরভ চট্টোপাধ্যায়ের বাড়িতে ইডি আধিকারিকরা গিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে একটি ভুয়ো সংস্থা তৈরি করে কোটি কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে। সেই ঘটনার তদন্তেই ইডি অভিযান চালিয়েছিল। অন্যদিকে, হাওড়ার শেওড়াফুলিতেও ইডি আধিকারিকরা তল্লাশি চালান। সূত্রের খবর, পল্টু বড়ালের বাড়িতে ইডি অভিযান চালিয়েছেন। তবে তাঁর বাড়িতে ইডি কেন অভিযান চালিয়েছে তা জানা যায়নি।