ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনির শেষকৃত্য ঘিরে কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ওই সময়ে আমেরিকা কোনও হামলা চালাবে না। দু’দিনের মাথায় একেবারে ভোলবদলে গেল মার্কিন প্রেসিডেন্টের। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ইরানের সঙ্গে কোনও যুদ্ধবিরতি চুক্তি নেই এবং আমেরিকা হামলা চালিয়ে যাবে।
সেই সঙ্গে ইরানকে ক্যান্সারের সঙ্গে তুলনা করে ট্রাম্প বলেছেন, যত দ্রুত এদের ছেঁটে ফেলা যাবে, ততই বিশ্বের জন্য মঙ্গল। এদিকে ইরানের দাবি, শোকের আবহের মধ্যেও তারা মধ্যপ্রাচ্যে আমেরিকার মিত্র দেশগুলির একাধিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে। অন্যদিকে, মার্কিন বাহিনীও বুধবার ভোর থেকে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা শুরু করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন।
বর্তমানে ন্যাটোভুক্ত দেশগুলির শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের রাজধানী আঙ্কারায় রয়েছেন ট্রাম্প। সেখানে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা সময়ের অপচয় ছিল।
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠক এক সাংবাদিক জানতে চান, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গিয়েছে কি না এবং ১৪ দফা সমঝোতা বাতিল হয়েছে কি না। জবাবে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি চুক্তি বলে এখন আর কিছু নেই।
ট্রাম্প আরও বলেন, ‘আমি ইরানের সঙ্গে কোনও সম্পর্ক রাখতে চাই না। তারা জঘন্য ও অসুস্থ মানসিকতার লোক। দেশের নেতৃত্বরা অত্যন্ত নিষ্ঠুর ও সহিংস।’ ইরানের উপর হামলা নিয়ে সাফাই দিতে গিয়ে তিনি দাবি করেন, ‘গত রাতে আমরা অত্যন্ত বিপজ্জনক কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছি। খামেনির শেষকৃত্য উপলক্ষে আমরা তাদের সময় দিয়েছিলাম কিন্তু তার পরিবর্তে তারা জাহাজ লক্ষ্য করে রকেট হামলা চালায়। এরপরই আমরা কঠোর জবাব দিয়েছি।’




