ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করল বিসিসিআই। চোট সারিয়ে দলে ফিরেছেন বিরাট কোহলি ও জসপ্রীত বুমরা। অধিনায়ক হিসেবে থাকছেন শুভমান গিল, আর সহ-অধিনায়কের দায়িত্বে রয়েছেন শ্রেয়স আইয়ার।
এই দল ঘোষণাকে শুধুমাত্র একটি দ্বিপাক্ষিক সিরিজের স্কোয়াড হিসেবে দেখলে ভুল হবে। বরং ২০২৭ সালের ৫০ ওভার ক্রিকেটের বিশ্বকাপকে সামনে রেখে ভারতের দীর্ঘমেয়াদি পরিকল্পনার ইঙ্গিত লুকিয়ে রয়েছে এই দল নির্বাচনে।
আফগানিস্তান সিরিজে হ্যামস্ট্রিং চোটের কারণে খেলতে পারেননি বিরাট কোহলি। তাঁর বদলি হিসেবে দলে আনা হয়েছিল যশস্বী জয়সওয়ালকে। তবে ইংল্যান্ড সিরিজে কোহলির প্রত্যাবর্তন ভারতের ব্যাটারদের অভিজ্ঞতার ভাগ বাড়াবে ও স্থিতিশীলতা দেবে। যদিও তাঁর অংশগ্রহণ এখনও ফিটনেস ছাড়পত্রের ওপর নির্ভরশীল।
একইভাবে জসপ্রীত বুমরার ফেরা ভারতীয় বোলিং আক্রমণকে নতুন মাত্রা দেবে। সাম্প্রতিক সময়ে তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বিসিসিআই অত্যন্ত সতর্ক ছিল। আফগানিস্তান সিরিজে বিশ্রামে রাখা হলেও ইংল্যান্ডের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তাঁকে ফেরানো হল। নির্বাচন কমিটি বড় ম্যাচগুলিতে যে এখনও বুমরাকেই আক্রমণের মূল পেস অস্ত্র হিসেবে দেখছে, এই ব্যাপারটা পরিষ্কার।
দল নির্বাচনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল কয়েকজন নামী ক্রিকেটারের অনুপস্থিতি। যশস্বী জয়সওয়াল ও মহম্মদ সিরাজ এই সফরের দলে জায়গা পাননি। আফগানিস্তানের বিরুদ্ধে সুযোগ পেলেও নির্বাচকরা আপাতত অভিজ্ঞ ও প্রতিষ্ঠিত ক্রিকেটারদের ওপর ভরসা রেখেছেন।
অধিনায়ক শুভমন গিলের জন্যও এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিত শর্মাকে আর ও বিরাট কোহলির অভিজ্ঞতার পাশে দাঁড়িয়ে তাঁকে ভবিষ্যৎ নেতৃত্বের মুখ হিসেবে গড়ে তুলতে চাইছে বিসিসিআই। শ্রেয়স আইয়ারকে সহ-অধিনায়ক করা সেই পরিকল্পনারই অংশ বলে মনে করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই স্কোয়াডে দুই প্রজন্মের মিশ্রণ স্পষ্ট। একদিকে কোহলি, রোহিত ও বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটার; অন্যদিকে গিল, আইয়ার এবং নতুন প্রজন্মের ক্রিকেটাররা। নির্বাচকদের বার্তা পরিষ্কার—ভারত এখনও অভিজ্ঞদের হাতে পুরোপুরি ছেড়ে দিচ্ছে না
তবে ধীরে ধীরে নেতৃত্ব ও দায়িত্ব ফতরুণদের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
ইংল্যান্ডের মাটিতে এই সিরিজ তাই শুধু ফলাফলের লড়াই নয়; বরং ২০২৭ বিশ্বকাপের পথে ভারতের ভবিষ্যৎ কাঠামো কতটা দৃঢ় হচ্ছে, তারও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা।
ওডিআই দলে রয়েছেন: শুভমান গিল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার (সহ-অধিনায়ক), কেএল রাহুল (উইকেটরক্ষক), ঈশান কিষাণ (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানা, অর্শদীপ সিং এবং গুরনুর ব্রার।




