• facebook
  • twitter
  • youtube
Thursday, 18 June, 2026

হিমাচলের চাম্বায় ভয়াবহ দুর্ঘটনা, খাদে গাড়ি পড়ে ৭ জনের মৃত্যু

এঁদের মধ্যে ৩ জন মহিলা এবং গাড়ির চালকও রয়েছেন

প্রতীকী চিত্র

হিমাচল প্রদেশের চাম্বা জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন একই গ্রামের ৭ জন বাসিন্দা। বুধবার গভীর রাতে মাসরুন্দ-হামাল সড়কের ছত্রুন্ড এলাকার কাছে দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা ৭ জনেরই মৃত্যু হয়েছে। এঁদের মধ্যে ৩ জন মহিলা এবং গাড়ির চালকও রয়েছেন। 

পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুঠেদ গ্রাম পঞ্চায়েতের মাহাল গ্রামের বাসিন্দারা একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে কাকরোধা গ্রামে গিয়েছিলেন। অনুষ্ঠানের শেষে রাতে বাড়ি ফেরার সময় এই দুর্ঘটনা ঘটে। আচমকা বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং উদ্ধার কাজ শুরু করেন।

পরে পুলিশ প্রশাসনের আধিকারিক এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় এবং উদ্ধারকাজ শুরু হয়। খাদটি অত্যন্ত গভীর হওয়ায় রাতের অন্ধকারে উদ্ধারকাজে সমস্যা হয়। দীর্ঘ চেষ্টার পরে উদ্ধারকারীরা গাড়ি থেকে দেহগুলি উদ্ধার করেন। দেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেনয তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। যান্ত্রিক ত্রুটি, রাস্তার দুরবস্থা, নাকি চালকের কোনও ভুল সবদিক খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে গাড়িটি সম্পূর্ণ দুমড়ে গিয়েছে। একই গ্রামের একসঙ্গে ৭ জনের মৃত্যুতে এলাকার মানুষ শোকস্তব্ধ। পুলিশ জানিয়েছে, তদন্ত রিপোর্ট পাওয়ার পরই দুর্ঘটনা প্রকৃত কারণ জানা যাবে।