• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

কলকাতা পুলিশের ইন্সপেক্টর পদে বড় রদবদল, একাধিক থানায় নতুন ওসি

১৪ জুন প্রকাশিত নির্দেশিকায় বিভিন্ন থানার ওসি এবং অতিরিক্তি ওসি পদে নতুন নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে

প্রতীকী চিত্র

কলকাতায় পুলিশের ইন্সপেক্টর পদমর্যাদার একাধিক আধিকারিকের বদলির নির্দেশ জারি করা হয়েছে। ১৪ জুন প্রকাশিত নির্দেশিকায় বিভিন্ন থানার ওসি এবং অতিরিক্তি ওসি পদে নতুন নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে।

তালিকা অনুযায়ী, তারাতলা থানার ওসি কৌশিক সিংহ রায়কে হেয়ার স্ট্রিট থানার নতুন ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে। হেয়ার স্ট্রিট থানার ওসি লোপসাং শেরিং ভুটিয়াকে পাঠানো হয়েছে গোয়েন্দা বিভাগে (ডিডি)।

প্রগতি ময়দান থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবাই ভট্টাচার্য। তিনি এতদিন বউবাজার থানার অতিরিক্ত ওসি ছিলেন। বর্তমানে ওসি রামচন্দ্রন বিনোদ কুমারকে স্পেশাল ব্রাঞ্চে (এসবি) বদলি করা হয়েছে।

নতুন নির্দেশ অনুযায়ী, নারকেলডাঙা থানার ওসি হয়েছেন মনোজ কুমার বিশ্বাস। একই সঙ্গে শুভঙ্কর সরকারকে নারকেলডাঙা থানার ওসি পদে আনা হলেও পরে তাঁকে অন্য দায়িত্বে পাঠানো হয়েছে বলে নির্দেশে উল্লেখ রয়েছে।

ঠাকুরপুকুর থানার নতুন ওসি হয়েছেন রাজীব শাও। তার আগে ওই দায়িত্বে থাকা সুখেন্দু কুমার চাইলকে দক্ষিণ-পশ্চিম বিভাগে (এসডব্লিউডি) অন্য দায়িত্বে পাঠানো হয়েছে। অন্যদিকে, রাজাবাগান থানার অতিরিক্ত ওসি পদে দায়িত্ব পেয়েছেন সুশোভন পৈক।

ওয়াটগঞ্জ থানার অতিরিক্ত ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে শ্রীমন কল্যাণ বোসকে। বউবাজার থানার অতিরিক্ত ওসি হয়েছেন বন্ধু চরণ পাল। প্রগতি ময়দান থানার অতিরিক্ত ওসি পদেও রদবদল হয়েছে। পার্থপ্রতিম চক্রবর্তী এবং সনৎ চট্টোপাধ্যায়কে ওই পদে নিয়োগ করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, প্রশাসনিক কার্যকারিতা বৃদ্ধি এবং বিভিন্ন ইউনিটে অভিজ্ঞ আধিকারিকদের সঠিকভাবে কাজে লাগানোর লক্ষ্যেই এই ব্যাপক রদবদল করা হয়েছে। নির্দেশ জারির সঙ্গে সঙ্গেই বদলিগুলি কার্যকর হয়েছে।