• facebook
  • twitter
  • youtube
Sunday, 14 June, 2026

লন্ডনে ছুরির হামলায় নিহত ভারতীয় বংশোদ্ভূত যুবক, আহত আরও এক

পুলিশের তথ্য অনুযায়ী, ডরমার্স ওয়েলস লেনের নর্থ রোড সংলগ্ন এলাকায় বুধবার গভীর রাতে হামলার ঘটনাটি ঘটে

প্রতীকী চিত্র

ব্রিটেনে ফের নিহত ভারতীয় বংশোদ্ভূত এক যুবক। লন্ডনে ছুরির হামলায় প্রাণ হারিয়েছেন গুরবেজ সিং নামে এক যুবক। একই ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। শনিবার এই তথ্য জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, ডরমার্স ওয়েলস লেনের নর্থ রোড সংলগ্ন এলাকায় বুধবার গভীর রাতে হামলার ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং জরুরি পরিষেবার কর্মীরা। দুই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা গুরবেজকে মৃত বলে ঘোষণা করেন। অপর আহত ব্যক্তির চিকিৎসা এখনও চলছে।

লন্ডন অ্যাম্বুল্যান্স সার্ভিসের কাছে প্রথম এই খবর আসে যে নর্থ রোডের কাছে ছুরি নিয়ে হামলার ঘটনায় দু’জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় রাত প্রায় ১২টার দিকে এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে।

ঘটনার পর তদন্তে নেমে সাত জন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। তবে জিজ্ঞাসাবাদের পর তাঁদের মধ্যে ছয় জনকে ছেড়ে দেওয়া হয়েছে। হামলার নেপথ্যে কী কারণ রয়েছে, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছে তদন্তকারীরা।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই আমেরিকার ফিলাডেলফিয়ায় অনশুল  কুঞ্চা নামে তেলাঙ্গানার এক ভারতীয় বংশোদ্ভূত যুবক খুন হন। একটি বহুজাতিক সংস্থায় কর্মরত অনুশুল অতিরিক্ত আয়ের জন্য একটি অনলাইন খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন। পিৎজা অর্ডারের নাম করে তাঁকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করা হয় বলে অভিযোগ।