• facebook
  • twitter
  • youtube
Saturday, 13 June, 2026

উধাও বুট, বল, সরঞ্জাম, হ্যারি কেনদের বিপর্যস্ত করতে ইংল্যান্ড শিবিরে চোরের হানা! দাবি ব্রিটিশ মিডিয়ার

আগামী ১৭ জুন গ্রুপ ‘এল’-এর প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড

বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পা রেখেছে ইংল্যান্ড। কিন্তু টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নামার আগেই বড়সড় ধাক্কা খেল থমাস টাচেলের দল। বিশ্বকাপের প্রস্তুতি শিবিরে ব্যবহারের জন্য পাঠানো ইংল্যান্ড দলের গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হয়ে যাওয়ার ঘটনায় তোলপাড় ফুটবলমহল।

ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে অনুষ্ঠিত প্রস্তুতি শিবির শেষে ইংল্যান্ড দলের সরঞ্জাম কানসাস সিটির অনুশীলন ঘাঁটি সোয়োপ সকার ভিলেজে পাঠানো হচ্ছিল। সেই সময় সরঞ্জাম বহনকারী গাড়িতে চুরির ঘটনা ঘটে।

চুরি যাওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ফুটবলারদের ম্যাচ বুট, বিশ্বকাপের অফিসিয়াল বল এবং একাধিক প্রশিক্ষণ-সংক্রান্ত সরঞ্জাম। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, দলের বিশ্লেষণমূলক সরঞ্জাম, ম্যাসাজ টেবিল এবং কোচিং স্টাফের ব্যবহৃত কিছু উপকরণও খোয়া গিয়েছে।

বিশেষ উদ্বেগের বিষয় হল, চুরি যাওয়া বুটগুলোর মধ্যে অধিনায়ক হ্যারি কেন এবং তারকা মিডফিল্ডার জুড বেলিংহামের ব্যক্তিগত বুটও থাকতে পারে বলে বিভিন্ন মিডিয়ায় উল্লেখ করা হয়েছে। যদিও এ বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি।

ঘটনার তদন্ত শুরু করেছে কানসাস সিটি পুলিশ। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, দলের সরঞ্জাম নিয়ে সেই গাড়ি কানসাস সিটিতে পৌঁছানোর পর কিছু সরঞ্জাম নিখোঁজ থাকার বিষয়টি ধরা পড়ে। তদন্ত এখনও চলছে এবং ইতিমধ্যেই দু’জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

ইংল্যান্ডের ফুটবল সংস্থা ঘটনাটি ঘটেছে বলে স্বীকার করলেও তদন্তের স্বার্থে বিস্তারিত মন্তব্য করতে রাজি হয়নি।ব্রিটিশ মিডিয়ার একাংশের দাবি ইংল্যান্ড দলকে মানসিক ভাবে বিপর্যস্ত করতে কেউ বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, যারা চায় না ইংল্যান্ড এই বিশ্বকাপে সফল হোক।

বিশ্বকাপের আগে ফ্লোরিডায় দীর্ঘ প্রস্তুতি শিবির করেছিল ইংল্যান্ড। সেখানে নিউজিল্যান্ড, কোস্টারিকা এবং মিয়ামি এফসির বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলে আত্মবিশ্বাস অর্জন করেছে টাচেলের দল। এর পর শনিবার থেকে কানসাস সিটিতে মূল অনুশীলন শুরু করার কথা ছিল।

আগামী ১৭ জুন গ্রুপ ‘এল’-এর প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর তাদের প্রতিপক্ষ ঘানা ও পানামা। বিশ্বকাপের মতো বড় মঞ্চে নামার ঠিক আগে এই অপ্রত্যাশিত ঘটনা দলের প্রস্তুতিতে কিছুটা হলেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ঘটনাটি এমন সময় ঘটল, যখন কানসাস সিটিতে বিশ্বকাপকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই আলোচনা চলছিল। ফলে শুধু ইংল্যান্ড শিবিরই নয়, টুর্নামেন্ট আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থাও নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। তবে ইংল্যান্ড শিবিরের আশা, দ্রুত বিকল্প সরঞ্জামের ব্যবস্থা করা হবে এবং মাঠের লড়াইয়ে এই ঘটনার কোনও প্রভাব পড়তে দেওয়া হবে না।