• facebook
  • twitter
  • youtube
Friday, 31 July, 2026

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের ভবানীপুর ও কামারহাটির বাড়িতে ইডির তল্লাশি

পুরসভারগুলিতে নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে

পুর নিয়োগ দুর্নীতির তদন্তে মদন মিত্রের ভবানীপুর ও কামারহাটির বাড়িতে ইডির তল্লাশি

MLA Madan Mitra Photo-SNS

পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে শনিবার সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি। তদন্তের অংশ হিসেবে কলকাতা ও সংলগ্ন এলাকার মোট সাতটি স্থানে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা পৌঁছন। এর মধ্যে অন্যতম হল কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাড়ি। সূত্রের খবর, তাঁর ভবানীপুর ও কালীঘাটের দুটি বাড়িতেই তল্লাশি চালানো হয়। তবে অভিযানের সময় তিনি কোন বাড়িতে ছিলেন, তা স্পষ্টভাবে জানা যায়নি।

ইডির বিভিন্ন দল একই সময়ে শহরের আরও কয়েকটি এলাকায় অভিযান চালায়। বেহালা, দক্ষিণেশ্বর, সন্তোষপুর, জোকা এবং বেলেঘাটার একাধিক ঠিকানায় তদন্তকারীরা যান। পুরসভারগুলিতে নিয়োগ প্রক্রিয়ায় সম্ভাব্য দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতেই এই অভিযান বলে জানা গিয়েছে। বিশেষ, করে কামারহাটি পুরসভা সংক্রান্ত কিছু তথ্য ও নথি সংগ্রহের উদ্দেশে মদন মিত্রের বাড়িতে তদন্তকারীরা পৌঁছেছেন বলে সূত্রের খবর।

উল্লেখ্য, এই অভিযানের আগের দিনই কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহার পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছিলেন মদন মিত্র। চেয়ারম্যানের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ তুলে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। দলের কাউন্সিলর ও সমর্থকদের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানান। পাশাপাশি, কামারহাটি পুরসভার সব কাউন্সিলরকে পদত্যাগের পরামর্শ দেন। তাঁর দাবি ছিল, রাজনৈতিক অপমানের বিরুদ্ধে এটিই উপযুক্ত প্রতিক্রিয়া।

রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতেও কামারহাটি বিশেষভাবে আলোচনায় রয়েছে। ষদিও বিধানসভা নির্বাচনে মদন মিত্র নিজের আসন ধরে রাখতে সক্ষম হয়েছেন। তবু স্থানীয় স্তরে দলীয় অস্থিরতা এবং একাধিক জনপ্রতিনিধির বিরুদ্ধে ওঠা অভিযোগ তৃণমূলকে চাপে ফেলেছে। এর মধ্যেই পুরসভা-সংক্রান্ত তদন্তে মদনের নাম সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। উল্লেখ্য, অতীতেও তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই অভিযান চালিয়েছিল।