• facebook
  • twitter
  • youtube
Friday, 12 June, 2026

নতুন বিধায়কদের জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ

এই প্রশিক্ষণে অংশ নিতে আসবেন উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিধানসভার স্পিকারদের পাশাপাশি লোকসভার প্রতিনিধিরাও

পশ্চিমবঙ্গে প্রথমবার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠনের পর এবার বিধানসভার কার্যপ্রণালীতেও বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিধানসভাকে সম্পূর্ণ ডিজিটাল ও পেপারলেস করার পরিকল্পনার পাশাপাশি নতুন বিধায়কদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির ঘোষণা করলেন স্পিকার রথীন্দ্র বসু।

বৃহস্পতিবার স্পিকার জানান, বর্তমান বিধানসভায় প্রায় ২০০ জন নতুন বিধায়ক রয়েছেন। তাঁদের সংসদীয় কার্যপ্রণালী, বিধানসভার নিয়মকানুন এবং আইন প্রণয়নের বিভিন্ন দিক সম্পর্কে দক্ষ করে তুলতে বাজেট অধিবেশন শেষ হওয়ার পর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হবে। এই প্রশিক্ষণে অংশ নিতে আসবেন উত্তরপ্রদেশ ও রাজস্থানের বিধানসভার স্পিকারদের পাশাপাশি লোকসভার প্রতিনিধিরাও।

স্পিকার জানান, আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বিধানসভাকে আরও স্বচ্ছ ও কার্যকর করে তোলাই সরকারের লক্ষ্য। সেই উদ্দেশে চালু করা হবে ই-বিধানসভা ব্যবস্থা। পেপারলেস ব্যবস্থার ফলে সমস্ত নথি, তথ্য ও কার্যসূচি ডিজিটাল মাধ্যমে বিধায়কদের কাছে পৌঁছে যাবে। এতে কাজের গতি যেমন বাড়বে, তেমনই প্রশাসনিক স্বচ্ছতাও নিশ্চিত হবে।

উল্লেখ্য, গত ১৫ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় অষ্টাদশ বিধানসভার স্পিকার নির্বাচিত হন রথীন্দ্র বসু। সেই সময়ই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে ভবিষ্যতে বিধানসভার গুরুত্বপূর্ণ অধিবেশন, বিশেষ করে বাজেট অধিবেশন, সরাসরি সম্প্রচার করা হবে। তাঁর মতে, এতে সাধারণ মানুষ নিজেদের নির্বাচিত প্রতিনিধিদের কাজ, সরকারের ভূমিকা এবং বিরোধী দলের কার্যকলাপ সরাসরি দেখতে পারবেন। মুখ্যমন্ত্রী তখন বলেছিলেন, বিধানসভার কার্যক্রম জনগণের সামনে তুলে ধরলে গণতান্ত্রিক জবাবদিহিতা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে বিরোধী দলগুলির গঠনমূলক অংশগ্রহণও উৎসাহিত হবে।