পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে। এর মধ্যে ওমান উপসাগরে মার্কিন সেনাবাহিনীর হামলার ঘটনায় নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই খবরটি নিশ্চিত করেছেন। এই খবর প্রকাশ্যে আসার পরেই বৃহস্পতিবার সেই ওমান উপকূলের কাছে আরও একটি পণ্যবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এদিকে ভারত নাবিকদের উপরে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে।
সর্বানন্দ সোনোয়োল জানিয়েছেন, পালাউয়ের পতাকাবাহী জাহাজে এমটি সেত্তেবেলো নামে তেল ট্যাঙ্কারে যে দুর্ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। নিখোঁজ থাকা তিন ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। দুজনের দেহ উদ্ধার হয়েছে। মোদী সরকার নিহত পরিবারের পাশে রয়েছে। নাবিকদের দেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
জানা গিয়েছে, ওই জাহাজটিতে মোট ২৮ জন ক্রু সদস্য ছিলেন। তাঁদের মধ্যে ২৪ জনই ছিলেন ভারতীয় নাগরিক। সেই ২৪ জন ভারতীয় নাবিকের মধ্যে ২১ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের মৃত্যু হয়েছে। সূত্রের খবর, ওমানের সোহার বন্দর থেকে উত্তর-পূর্ব সমুদ্রপৃষ্ঠের দিকে যখন এমটি সেত্তেবেলো নামে ওই তেল ট্যাঙ্কারটি আসছিল, সেই সময়ে হামলার ঘটনা ঘটে।
জানা গিয়েছে, আমেরিকার নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র ওই জাহাজের উপরে আছড়ে পড়ে। হামলার পরেই ওই জাহাজে আগুন ধরে যায়। নাবিকরা এদিকে-ওদিকে ছুটোছুটি করতে শুরু করে। সেই সময়ে নাবিকের পাঠানো বিপদসংকেত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভারতীয় জাহাজে মার্কিন সেনাবাহিনীর হামলার খবর প্রকাশ্যে আসতেই সাউথ ব্লক তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে ভারতের বিদেশমন্ত্রক একটি বিবতি জারি করেছে। সেই বিবৃতিতে বলা হয়েছে, ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপরে এই হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হচ্ছে। বিদেশমন্ত্রক এই ঘটনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে উল্লেখ করেছে।
বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ‘ওমান উপকূলের কাছে জাহাজে হামলার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই অঞ্চলে জাহাজ চলাচলের উপরে ধারাবাহিকভাবে হামলার ঘটনা বেশ উদ্বেগজনক। আমরা চেষ্টা করছি যাতে এই অঞ্চলে দ্রুত শান্তি ফিরিয়ে আনা যায়।‘
বর্তমানে ইরান-আমেরিকার মধ্যে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে ভারতীয় পণ্যবাহী জাহাজে এই হামলায় আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের সমীকরণ ঠিক কোন খাতে বয়, এখন সেটাই দেখার।




