• facebook
  • twitter
  • youtube
Monday, 8 June, 2026

ইরানের একাধিক এলাকায় হামলা ইজরায়েলের, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা

সোমবার ভোরে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালাল ইজরায়েল।

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে পৌঁছেছে। এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েলকে কোনওরকম হামলা না চালানোর জন্য সতর্ক করেছিল। কিন্তু ট্রাম্পের দেওয়া পরামর্শকে একেবারেই পাত্তা দিলেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার ভোরে ইরানের একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালাল ইজরায়েল।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, তেহরানে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এছাড়া ইসফাহান, তাবরিজ-সহ একাধিক শহরেও বিস্ফোরণের ঘটেছে বলে জানা জানিয়েছে। অন্যদিকে, ইজরায়েলি ডিফেন্স ফোর্স একটি বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম ও মধ্য ইরানের একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েলের সেনা হামলা চালিয়েছে।

তবে এই হামলার পরে ইরানে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। আইডিএফ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইজরায়েলি বিমানবাহিনী প্রয়োজন অনুযায়ী হামলা চালাচ্ছে। দাহিয়েহতে এয়ার স্ট্রাইক করেছিল ইজরায়েল। সেই সময়ে তেহরান ইজরায়েলকে পাল্টা হামলার হুঁশিয়ারি দেয়। এরপরে রামাত ডেভিড বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। তবে এই হামলায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম আকাশেই মিসাইল নিষ্ক্রিয় করে দেয়।

এর আগে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যে কোনও চুক্তি নেতানিয়াহুকে মেনে নিতে হবে।’ কিন্তু ট্রাম্পের সেই পরামর্শকে পাত্তা না দিয়ে ফের হামলা চালাল ইজরায়েল। বিশেষজ্ঞদের মতে, সাম্প্রতিক এই সংঘাত ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সংকট তৈরি করেছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে চলেছে বলে অনেকেই মনে করছে।