শ্লীলতাহানির অভিযোগে পুলিশের জালে এক তৃণমূল কাউন্সিলর। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের নাম বিশ্বজিৎ মণ্ডল। তিনি কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অভিযোগ শ্লীলতাহানির পাশাপাশি বিশ্বজিৎ ওই মহিলাকে হুমকিও দিয়েছেন। রিজেন্ট পার্ক থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এরপরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
সূত্রের খবর, অভিযুক্ত বিশ্বজিৎ মণ্ডল অরূপ বিশ্বাস ঘনিষ্ঠ। বিশ্বজিৎ পরপর তিনবার কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হন। অভিযোগ, ওই মহিলাকে আটকে রেখে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন।
জানা গিয়েছে, এটাই প্রথম নয়, এর আগে ২০২৪ সালেও একই ঘটনা ঘটিয়েছিলেন ওই কাউন্সিলর। কিন্তু সেই সময়ে প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ ওঠে।
অন্যদিকে, বুধবার গভীর রাতে ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মাকে পুলিশ গ্রেপ্তার করে। ধৃত কাউন্সিলরের বিরুদ্ধে বড়বাজার থানায় প্রতারণা ও তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে নেমে বুধবার ওই কাউন্সিলরকে পুলিশ গ্রেপ্তার করে।




