তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে বাড়ির কাছে পৌঁছে গেল সিআইডি। মঙ্গলবার দুপুরে মমতার বাড়ির কাছে ৩০বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূলের পার্টি অফিসে পৌঁছল সিআইডির আধিকারিকেরা। জানা গিয়েছে, বিধানসভার সই জালিয়াতি কাণ্ডের তদন্তে আজ কালীঘাটে অভিযান চালিয়েছে সিআইডি। শুধু তাই নয়, সিআইডির একটি দল ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও পৌঁছেছে।
সূত্রের খবর, এদিন কালীঘাটে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছে পার্টি অফিসে সিআইডি আধিকারিকদের ঢুকতে বাধা দেন প্রাক্তন তৃণমূল সাংসদ শুভাশিস চক্রবর্তী। অভিযোগ, সিআইডি আধিকারিকরা ভিতরে যাওয়ার জন্য শুভাশিসকে অনুরোধ করেন। এর মধ্যে ওই প্রাক্তন তৃণমূল সাংসদের সঙ্গে আধিকারিকরা বাদানুবাদে জড়িয়ে পড়েন। শত বাধা সত্বেও সিআইডি শেষ পর্যন্ত পার্টি অফিসের ভিতরে ঢোকেন।
জানা গিয়েছে, এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও ঢোকার সময়ে একই রকম বাধার সন্মুখীন হয়েছিলেন সিআইডির আধিকারিকরা। পরে বাধা সরিয়ে ক্যামাক স্ট্রিটে অফিসের ভিতরে ঢোকেন সিআইডির আধিকারিরা। পুরো প্রক্রিয়ার ভিডিয়োগ্রাফি করা হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে বর্তমানে দিল্লিতে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেখানে রয়েছেন। এরই মধ্যে কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে এরকম তল্লাশি অভিযানে তৃণমূলের অন্দরে যে চাপ বাড়ছে, তা আর বলার অপেক্ষা রাখে না।




