নিজস্ব প্রতিনিধি— নতুন মরসুমে সিনিয়র দলে সহকারী কোচ হিসেবে বাস্তব রায়কে মনোনীত করা হল বলে জানানো হয়েছে মোহনবাগান সুপার জায়ান্টসের পক্ষ থেকে। আর কোচ বাস্তব রায়ের তত্ত্বাবধানে আগামী বুধবার থেকেই শুরু হবে কলকাতা লিগের প্রস্তুতি। মোহনবাগান মাঠেই বিকেল সাড়ে চারটে থেকে এই অনুশীলন শুরু হবে বলে জানানো হয়েছে। কোচ বাস্তব রায় কলকাতা ফুটবলের মোহনবাগানের কোচের দায়িত্ব পালন করবেন। তাঁর সঙ্গে সহকারী কোচ হিসেবে থাকবেন নীলাঞ্জন গুহ। গোলকিপার কোচ করা হয়েছে অভিজ্ঞ গোলরক্ষক অভ্র মণ্ডলকে।
এখানে উল্লেখ করা যেতে পারে, অভ্র গত মরসুমে শেষের দিকে জুনিয়র দলের পাশাপাশি সিনিয়র দলের দায়িত্বেও ছিলেন। মোহনবাগান ক্লাবের প্রস্তুতি শুরু হলে ধাপে ধাপে দলের সঙ্গে যোগ দেবেন ফুটবলাররা। এবারে কলকাতা ফুটবল লিগে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চের যে সমস্ত ফুটবলাররা থাকবেন, সেই সব ফুটবলারদের পাশাপাশি বেশকিছু জুনিয়র ফুটবলারকেও খেলতে দেখা যাবে। জুনিয়র ফুটবলারদের নেওয়া হয়েছে অন্য দলে ভালো খেলার নিরিখে। আরও জানা গেছে, ঘরোয়া ফুটবল লিগে, ঘরের ছেলেদের বেশি জায়গা দেওয়া হবে এবং তাঁদের প্রতিভাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। ফেডারেশন পরিচালিত জুনিয়র লিগের কথা ভেবে বয়সের ভারসাম্য রেখেই দল গঠনের চিন্তাভাবনা। এমনও হয়, জুনিয়র ফুটবলাররা বিশেষভাবে নজর কাড়তে পারলে, তাহলে তাঁদের সিনিয়র দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকবে। গতবছর কলকাতা ফুটবল লিগে সবুজ-মেরুন জার্সিতে প্রায় ১৬ জন তরুণ ও প্রতিভাবান ফুটবলাররা বিশেষভাবে নজর কেড়ে নিয়েছিলেন। তাঁদের আবার মোহনবাগানের হয়ে খেলতে দেখা যাবে আগামী মরসুমে। এঁদের মধ্যে রয়েছেন, প্রিয়াংশ দুবে, দীপপ্রভাত ঘোষ, টংসিং সিং, মিমাং শেরপা, করণ রাই, সহিল ইনামদার ও সুবল টুড়ুরা। আসলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভেবে অনুর্ধ্ব ১৬ থেকে দলে নেওয়া হয়েছে রাজদীপ পালকে।
কলকাতা ফুটবল লিগে মোহনবাগানকে আরও শক্তিশালী করার লক্ষ্যে সিনিয়র দলের রিজার্ভ বেঞ্চের ফুটবলারদের মধ্যে দীপেন্দু বিশ্বাস, সুহেল ভাট, অভিষেক সূর্যবংশী, কিয়ান নাসিরি ও উমের মুথেরের মতো অভিজ্ঞ ফুটবলারদের সংযোজন করা হয়েছে। অন্য ক্লাব থেকে এবারে সবুজ-মেরুন জার্সিতে খেলার জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে সায়ন বন্দ্যোপাধ্যায়, তন্ময় ঘোষ ও রাজ বাসফোরকে। এঁদের প্রত্যেককেই গত মরসুমে সফল ফুটবলার হিসেবে চিহ্নিত করা হয়েছে। কলকাতা লিগের পাশাপাশি, ডুরান্ড কাপ ফুটবলে খেলার সম্মতি জানিয়ে মোহনবাগান সুপার জায়ান্ট ইতিমধ্যে কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে দিয়েছে। ওই চিঠিতে বলা হয়েছে, ভারতীয় ফুটবলারদের বেশি গুরুত্ব দেওয়ার জন্য বিদেশি ফুটবলারদের সংখ্যা কমিয়ে আনা হোক। আসলে ভারতীয় ফুটবলের ঐতিহ্যকে অটুট রাখার লক্ষ্যেই এই প্রয়াসের কথা বলা হয়েছে।




