গত সপ্তাহের চিংড়িঘাটায় সফলভাবে শেষ হয়েছে বহু প্রতীক্ষিত গার্ডার বসানোর কাজ। সেই কাজ শেষ করার পর কলকাতা মেট্রো রেল আরেকটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করল। বেলেঘাটা মেট্রো স্টেশনের কাছে একটি ফুট ওভারব্রিজ নিমার্ণের কাজ শুরু করা হয়েছে।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে আটকে ছিল গার্ডার লঞ্চিং-এর কাজ। গত সপ্তাহেই সেই কাজ শেষ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো করিডরের কাজ করছে রেল বিকাশ নিগম লিমিটেড। গত সপ্তাহে তারা এই কাজ শেষ করে। ৬২ মিটার দীর্ঘ এই অংশ যুক্ত করার জন্য ১২০ ঘণ্টার সময় নেওয়া হয়েছিল। তবে ৫ ঘণ্টা আগেই কাজ শেষ হয়ে যায়। কাজ শেষ হয় ১১৫ ঘণ্টার মধ্যে।
এই গার্ডার বসানোর পর এবার বেলেঘাটা এলাকায় ফুট ওভারব্রিজ নির্মাণের কাজ শুরু করেছে আরভিএনএল। এজন্য বেলেঘাটা সংলগ্ন রাস্তায় আংশিক ব্যারিকেড করা হয়েছে। আগামী ৪৫ দিন ধরে এই কাজ চলবে। রবিবার রাত থেকে এই কাজ শুরু হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত পুলিশের তরফে যান চলাচল নিয়ন্ত্রণ বা ডাইভারশন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।




