প্রয়াত হয়েছেন বিশিষ্ট শিল্পী নন্দলাল বসুর নাতি সুপ্রবুদ্ধ সেন। সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে রবিবার তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সুপ্রবুদ্ধ সেন ছিলেন নন্দলাল বসুর ছোট মেয়ে যমুনা সেনের পুত্র। ১৯৫৪ সালে শান্তিনিকেতনের পাঠভবন থেকে মাধ্যমিক পাশ করার পর তিনি বিশ্ব ভারতীতে উচ্চশিক্ষা গ্রহণ করেন। পরে ডিভিসিতে দীর্ঘ ৩২ বছর কর্মরত ছিলেন। অবসরের পর ১৯৯৬ সাল থেকে শান্তিনিকেতনের পৈতৃক বাড়িতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংক্রান্ত একটি বিতর্কে তাঁর নাম উঠে আসে। সুপ্রবুদ্ধ সেন, তাঁর স্ত্রী ও পরিচারকের নাম ভোটার তালিকার যাচাই প্রক্রিয়ায় আটকে যায়। বয়সজনিত কারণে নির্বাচনী আধিকারিকরা তাঁর বাড়িতে গিয়ে শুনানি করেন। প্রয়োজনীয় নথি জমা দেওয়া সত্ত্বেও প্রথমে তালিকা থেকে নাম বাদ পড়েছিল। বিষয়টি পরে আদালত পর্যন্ত গড়ায় এবং নির্বাচন কমিশনের হস্তক্ষেপে তিনি শেষ পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হন।




