বাংলায় নতুন সরকার গঠনের পর থেকেই পুলিশ প্রশাসনের তৎপরতা আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে আইনের আওতায় থেকে এবং কোনও রাজনৈতিক চাপ ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। এরপর থেকেই আসানসোলে যান চলাচল এবং ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ আরও সক্রিয় হয়ে উঠেছে।
দু’দিন আগেই আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ আসানসোল বাজার থেকে ঊষাগ্রাম পর্যন্ত অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালায়। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজও গির্জা মোড় থেকে কর্পোরেশন মোড় পর্যন্ত বিশেষ অভিযান চালানো হয়।
Advertisement
এই অভিযানে অবৈধভাবে পার্কিং চালানো এবং সাধারণ মানুষের কাছ থেকে জোর করে টাকা আদায়ের সঙ্গে কারা জড়িত, তা চিহ্নিত করার চেষ্টা করে পুলিশ। এদিন মোট পাঁচজনকে আটক করা হয়েছে। এর মধ্যে অবৈধ পার্কিংয়ের সঙ্গে জড়িত দুই ব্যক্তি এবং গির্জা মোড় বাস স্ট্যান্ড এলাকার তিন বাস কন্ডাক্টরকে আটক করা হয়।
Advertisement
পুলিশের অনুমান, বাস স্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং থেকে কারা টাকা আদায় করে এবং এর পিছনে কারা জড়িত, সে সম্পর্কে ধৃতদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রের সন্ধান পাওয়ার চেষ্টা চলছে পুলিশ। পুলিশের এই অভিযানের ফলে অবৈধ পার্কিংয়ের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, এর পিছনে আর কারা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement



