ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রস্তাবিত রাশিয়া সফর আপাতত স্থগিত করা হয়েছে। তাঁর দপ্তরের সূত্রে জানা গিয়েছে, ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’-এর গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে রাশিয়া যাওয়ার কথা থাকলেও সেই বৈঠক আপাতত পিছিয়ে গিয়েছে। ফলে নির্ধারিত সূচি অনুযায়ী সফর আর হচ্ছে না। যদিও এই সিদ্ধান্তের ফলে ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের উপর কোনও প্রভাব পড়বে না বলেই সরকারি সূত্রের দাবি। এদিকে দিল্লিতে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি জানিয়েছেন, ভারতের প্রয়োজন অনুযায়ী জ্বালানি সরবরাহ অব্যাহত রাখবে রাশিয়া। তাঁর কথায়, ‘কোনও তৃতীয় দেশের নিষেধাজ্ঞা ভারত-রাশিয়া সম্পর্ককে প্রভাবিত করতে পারবে না। দুই দেশের সম্পর্ক গভীর এবং স্থায়ী ভিত্তির উপর দাঁড়িয়ে রয়েছে।’
রাশিয়ার সংবাদমাধ্যম আরটি ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে লাভরভ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেরও প্রশংসা করেছেন। তিনি বলেছেন, মোদী বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা এবং তাঁর নেতৃত্বে ভারতের সার্বভৌমত্ব ও উন্নয়ন আরও শক্তিশালী হয়েছে। ভারত-রাশিয়া জ্বালানি সহযোগিতার প্রসঙ্গ তুলে লাভরভ স্পষ্ট জানিয়েছেন, বৈশ্বিক প্রতিযোগিতা বা বাহ্যিক চাপ সত্ত্বেও রাশিয়া ভারতের সঙ্গে করা জ্বালানি চুক্তি পুরোপুরি মেনে চলবে। তিনি কুদানকুলাম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র-কে ভারত-রাশিয়া সম্পর্কের অন্যতম বড় সাফল্য বলেও উল্লেখ করেন। লাভরভের দাবি, ভারতের জ্বালানি নিরাপত্তায় এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ২০০২ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রথম ১০০০ মেগাওয়াট ইউনিট ২০১৬ সাল থেকেই চালু রয়েছে। বিভিন্ন সূত্রের মতে, ২০২৭ সালের মধ্যে প্রকল্পের সমস্ত ধাপ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।
Advertisement
Advertisement
Advertisement



