• facebook
  • twitter
  • youtube
Thursday, 25 June, 2026

বুলডোজার নিয়ে কড়া বার্তা ডিজি সিদ্ধনাথ গুপ্তর, ভোট পরবর্তী গোলমালে রুজু ২০০ এফআইআর

এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১১০০ জনকে আটক করা হয়েছে

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর ভোট-পরবর্তী অশান্তির প্রেক্ষিতে এবার কড়া বার্তা দিল রাজ্য পুলিশের সদর দপ্তর ভবানী ভবন। স্পষ্ট জানানো হয়েছে, বুলডোজার দেখিয়ে কাউকে ভয় দেখানো বা আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে পুলিশ প্রশাসন।

বুধবার বিকেলে সাংবাদিক বৈঠকে এই বার্তা দেন ভারপ্রাপ্ত ডিজি সিদ্ধনাথ গুপ্ত। তিনি জানান, গত কয়েক দিনে রাজ্যের কিছু জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে, তবে বুধবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ভোট-পরবর্তী সময়ে এখনও পর্যন্ত প্রায় ২০০টি এফআইআর দায়ের হয়েছে এবং সেই ভিত্তিতে ৪৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রায় ১১০০ জনকে আটক করা হয়েছে।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দেন তিনি। সিদ্ধনাথ জানান, নিয়ম অনুযায়ী তাঁরা যে নিরাপত্তা পাওয়ার কথা, তা বহাল রয়েছে। তবে অতিরিক্ত যে নিরাপত্তা ব্যবস্থা ছিল, তা তুলে নিয়ে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষার কাজে ব্যবহার করা হচ্ছে।

রাজ্যবাসীর উদ্দেশে তিনি আবেদন জানান, কোনও অভিযোগ থাকলে সরাসরি থানায় জানান এবং আইন নিজের হাতে তুলে নেবেন না। কেউ যদি ভয়ের কারণে অভিযোগ জানাতে না পারেন, তাহলে পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে এফআইআর দায়ের করবে বলেও আশ্বাস দেন তিনি।

এছাড়া পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় ভূমিকার কথাও উল্লেখ করেন ডিজি। বর্তমানে রাজ্যে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। সমন্বয় আরও জোরদার করতে রাজ্য ও জেলা স্তরে যৌথ কন্ট্রোল রুম চালু করা হয়েছে, যাতে দ্রুত পদক্ষেপ নেওয়া যায়।