• facebook
  • twitter
Saturday, 25 April, 2026

সুন্দরবনের জি প্লটে নৌকায় প্রচারে তৃণমূল প্রার্থী সমীর

দীর্ঘদিনের বিধায়ক হিসেবে সমীর জানা এই এলাকার পরিচিত মুখ। তাই এবারের প্রচারেও তিনি সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগকেই গুরুত্ব দিয়েছেন।

নিজস্ব চিত্র

সুন্দরবন অঞ্চলের পাথরপ্রতিমা বিধানসভা কেন্দ্রের জি প্লটে নির্বাচনী প্রচারের ছবি একেবারেই আলাদা। এখানে নেই মাইক বাজানো গাড়ি বা বড় সভা। প্রচারের জন্য প্রধান ভরসা নৌকা, আর মানুষের বাড়ির উঠোনই হয়ে উঠছে সভাস্থল। এই কঠিন পরিবেশেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সমীরকুমার জানা চালাচ্ছেন তাঁর প্রচার।

নদী, খাল-বিল আর জঙ্গলে ঘেরা এই অঞ্চলে প্রচার চালানো সহজ নয়। কুমিরের ভয়, দূরে বাঘের উপস্থিতি—সবকিছুকে উপেক্ষা করেই প্রতিদিন নৌকায় চড়ে গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছেন তিনি। প্রচারের সময় তিনি মানুষের সমস্যার কথা মন দিয়ে শুনছেন। কখনও নদীর ঘাটে, কখনও বা কারও বাড়ির উঠোনে বসে সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শুনছেন। কোথাও পানীয় জলের সমস্যা, কোথাও রাস্তার অভাব, কোথাও আবার চিকিৎসা পরিষেবার ঘাটতি-এই সমস্ত বিষয় নোট করে নিচ্ছেন তিনি। স্থানীয়দের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করছেন, আগামীদিনে কীভাবে আরও উন্নয়ন করা যায়।

Advertisement

দীর্ঘদিনের বিধায়ক হিসেবে সমীর জানা এই এলাকার পরিচিত মুখ। তাই এবারের প্রচারেও তিনি সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগকেই গুরুত্ব দিয়েছেন। পাথরপ্রতিমার তৃণমূল প্রার্থী সমীরকুমার জানা আত্মবিশ্বাসীর সুরে বলেছেন, ‘এই সুন্দরবনের মানুষ আমাকে বহু বছর ধরে ভালোবাসা দিয়েছেন। আমি সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করেছি। এবারের নির্বাচনেও আমি ১০০ শতাংশ জয়ের ব্যাপারে আশাবাদী। কারণ, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন।’

Advertisement

স্থানীয় বাসিন্দাদের অনেকেই বলছেন, এমন দুর্গম এলাকায় এইভাবে প্রচার চালানো সহজ নয়। কিন্তু সমীর জানা নিয়মিত তাঁদের কাছে পৌঁছচ্ছেন, যা তাঁদের কাছে বড় বিষয়। প্রার্থীর কথায়, সুন্দরবনের মানুষ অনেক কষ্ট করে জীবনযাপন করেন। এই এলাকায় উন্নয়ন করা কঠিন হলেও গত কয়েক বছরে অনেক পরিবর্তন এসেছে, এবং ভবিষ্যতেও সেই কাজ চালিয়ে যেতে চান তিনি। রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য পরিষেবা-সবকিছুতেই উন্নয়ন ঘটাতে চান বলে জানিয়েছেন তিনি। তৃণমূল প্রার্থীর এই ভিন্নধর্মী প্রচার ইতিমধ্যেই নজর কাড়ছে। তবে শেষ পর্যন্ত মানুষের সমর্থন কতটা মিলবে, তার উত্তর মিলবে ভোটের ফলাফলেই।

Advertisement