ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ দেব। তীব্র গরম উপেক্ষা করেই কখনও হেলিকপ্টারে, কখনও গাড়িতে, আবার কখনও পায়ে হেঁটে রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের কাছে। তবে শুক্রবার প্রচারে বেরোনোর আগেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।
সূত্রের খবর, এদিন তাঁর প্রথমে রানাঘাট, তারপর মথুরাপুর হয়ে ঘটকপুকুরে একাধিক প্রচার কর্মসূচি ছিল। বেহালা ফ্লাইং ক্লাব থেকে হেলিকপ্টারে রওনা দেওয়ার প্রস্তুতির সময় হঠাৎই অসুস্থ বোধ করেন দেব। সঙ্গে সঙ্গেই তাঁর রক্তচাপ পরীক্ষা করা হয়। জানা যায়, মাথা ঘোরা ও শারীরিক অস্বস্তির সমস্যায় ভুগছিলেন তিনি।
Advertisement
গত কয়েকদিন ধরেই টানা প্রচারে ব্যস্ত রয়েছেন দেব। নির্বাচনী সূচি ঘোষণার পর থেকেই প্রায় বিরামহীনভাবে রাজ্যের বিভিন্ন জেলায় ছুটে বেড়াচ্ছেন তিনি। ফলে নিয়মিত খাওয়া-দাওয়া ও বিশ্রামে অনিয়ম ঘটছে বলেই জানা গিয়েছে। তীব্র দাবদাহের মধ্যে এই অনিয়মের জেরেই তাঁর শারীরিক সমস্যা দেখা দিয়েছে বলে মনে করছেন ঘনিষ্ঠরা।
Advertisement
তবে অসুস্থতা সত্ত্বেও নিজের প্রচারসূচি বাতিল করেননি দেব। প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ বোধ করলে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী হেলিকপ্টারে রওনা দেন তিনি। যদিও এদিন প্রচারস্থলে পৌঁছতে খানিক দেরি হয়।
তবুও অন্যান্য দিনের মতোই এদিনও দেবকে ঘিরে সাধারণ মানুষের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। তাঁর উপস্থিতিতে কর্মী-সমর্থকদের উৎসাহ আরও বেড়ে যায়। তীব্র গরম আর শারীরিক অসুস্থতাকেও উপেক্ষা করে প্রচারে তাঁর এই উপস্থিতি রাজনৈতিক মহলেও আলোচনার বিষয় হয়ে উঠেছে।
Advertisement



