• facebook
  • twitter
Thursday, 23 April, 2026

প্রথম দফার ভোটে সন্তুষ্ট নির্বাচন কমিশন

পরিস্থিতি খতিয়ে দেখতে সিইও-কে ফোন জ্ঞানেশ কুমারের

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের সার্বিক চিত্রে সন্তোষ প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগারওয়ালের সঙ্গে সরাসরি ফোনে কথা বলেছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। ভোটের হার, নিরাপত্তা এবং বিচ্ছিন্ন অশান্তির বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই ফোনালাপে। কমিশন সূত্রে খবর, বৃহস্পতিবার এই ভোট মিটে গেলে শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে ভার্চুয়ালি করবেন মনোজ আগারওয়াল।

সূত্রের খবর, সকাল থেকেই রাজ্যের ১৫২টি আসনে ভোটারদের উৎসাহজনক উপস্থিতি এবং দীর্ঘ লাইনের ছবি দেখে খুশি কমিশন। তবে বিভিন্ন জায়গা থেকে আসা কিছু গোলমালের অভিযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে অন্তত দু’বার রাজ্যের সিইও মনোজ আগারওয়ালকে ফোন করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।

Advertisement

তিনি জানতে চান, ভোটে অশান্তি হচ্ছে কিনা, কোথা থেকে কত অভিযোগ জমা পড়ছে। এই ধরনের ঘটনাগুলি মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর উত্তরে মনোজ আগারওয়াল রীতিমতো তথ্য দিয়ে জানিয়েছেন, প্রায় ৪৫ হাজার বুথে ভোট চলছে। তার মধ্যে ১৫-২০ টি অভিযোগ গুরুতর। কমিশন তার সমাধানও করেছে। এছাড়া বহু ভুয়ো অভিযোগ জমা পড়েছে। মোটের উপর ভোট শান্তিপূর্ণই হচ্ছে বলেই জানিয়েছেন তিনি।

Advertisement

এই ফোনালাপের পরই তৎপর হয়ে ওঠে সিইও দপ্তর। রাজ্যের সমস্ত জেলা নির্বাচনী আধিকারিকদের (ডিইও) কাছে জরুরি নির্দেশ পাঠানো হয়। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে শুধু বুথের নির্দিষ্ট সীমার মধ্যে আটকে থাকলে চলবে না। প্রয়োজনে বুথের বাইরে গিয়েও এলাকায় শান্তি বজায় রাখতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা নিতে হবে।

প্রথম দফার ভোটকে ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথের মধ্যে প্রায় ১৫ হাজার বুথকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সব বুথে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পাশাপাশি ওয়েবকাস্টিং এবং ড্রোন নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে, যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়।

এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, প্রতিটি বুথেই সময়মতো ভোটকর্মী ও প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। ফলে ভোটগ্রহণে বড় ধরনের কোনও সমস্যা হয়নি। সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গিয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা ও আগ্রহেরই প্রতিফলন। প্রথম দফার অভিজ্ঞতার উপর ভিত্তি করেই পরবর্তী দফার নির্বাচনী কৌশল আরও শক্তিশালী করা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement