দেশের শিক্ষা ব্যবস্থার ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ নিল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ৩০শে মার্চ বিশেষ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং বা এনসিইআরটি-কে ‘ডিমড টু বি ইউনিভার্সিটি’ বা সমতুল্য বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়া হয়েছে। এই ঘোষণার ফলে দেশের শিক্ষা গবেষণা ও পাঠ্যক্রম তৈরির শীর্ষ সংস্থাটি এখন থেকে নিজস্ব স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি প্রদান করতে পারবে। দীর্ঘদিন ধরে এনসিইআরটি-কে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দেওয়ার দাবি উঠছিল, এবং অবশেষে সেই প্রতীক্ষার অবসান হলো।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি-র সবুজ সংকেত মিলতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি বছরের জানুয়ারিতেই একটি বিশেষজ্ঞ কমিটির সুপারিশ মেনে ইউজিসি এই প্রস্তাব দিয়েছে। শেষ পর্যন্ত সেই প্রস্তাবকে মঞ্জুর করে কেন্দ্রীয় সরকার এনসিইআরটি-কে এই মর্যাদা দিয়েছে। শুধু দিল্লির কেন্দ্রীয় দপ্তর নয়, দেশের ছয়টি আঞ্চলিক শিক্ষা প্রতিষ্ঠানও এই একই মর্যাদা পেয়েছে।
Advertisement
তবে নতুন ক্ষমতার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা প্রসারের নামে এনসিইআরটি ব্যবসায়িক বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ করতে পারবে না। প্রতিটি পাঠ্যক্রম চালু করার সময় ইউজিসি এবং অন্যান্য সংবিধিবদ্ধ সংস্থার নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। ভবিষ্যতে বিদেশে ক্যাম্পাস খোলার পরিকল্পনা থাকলে সেক্ষেত্রেও কেন্দ্র ও ইউজিসি-র নিয়মাবলী অনুসরণ করতে হবে।
Advertisement
নতুন এই যাত্রাপথে গবেষণার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রকের নির্দেশ, এনসিইআরটি অবিলম্বে পিএইচডি এবং বিভিন্ন সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষা সংক্রান্ত কর্মসূচি শুরু করবে। শুধুমাত্র প্রচলিত পাঠ্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না থেকে, জাতীয় শিক্ষানীতি ২০২০ এবং ইউজিসি নির্দেশিকা মেনে নতুন নতুন বিষয় চালু করার কথা বলা হয়েছে।
Advertisement



