• facebook
  • twitter
Saturday, 25 April, 2026

দেশের নৌবাহিনীতে একসঙ্গে ৩ রণতরী গার্ডেনরিচ শিপবিল্ডার্সের

এই তিনটি যুদ্ধজাহাজ একযোগে যুক্ত হওয়ায় ভারতীয় নৌবাহিনীর প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে বড় সাফল্য পেল কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স বা জিআরএসই। একসঙ্গে ৩টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিল এই সংস্থা। এটি দেশের নৌ প্রতিরক্ষা ব্যবস্থায় স্বদেশি প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে।

জিআরএসই প্রথমবারের মতো একই দিনে একাধিক যুদ্ধজাহাজ তৈরি ও হস্তান্তর করল। নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজগুলো তৈরি করে হস্তান্তরের মাধ্যমে সংস্থাটি তাদের দক্ষতা ও সক্ষমতার প্রমাণ দিয়েছে। এই তিনটি জাহাজ—‘দুনাগিরি’, ‘সংশোধক’ এবং ‘অগ্র’—এর মাধ্যমে জিআরএসই মোট ১১৮টি যুদ্ধজাহাজ নির্মাণের মাইলফলক স্পর্শ করল। এর মধ্যে ইতিমধ্যেই ৮০টি নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে সোমবার।

Advertisement

প্রজেক্ট ১৭এ-র অধীনে তৈরি ‘দুনাগিরি’ একটি উন্নতমানের ফ্রিগেট যা শক্তিশালী ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এটি আধুনিক নৌযুদ্ধের ক্ষেত্রে নৌবাহিনীর শক্তি বাড়াবে বলে মনে করা হচ্ছে।

Advertisement

অন্যদিকে ‘সংশোধক’ একটি নজরদারি জাহাজ, যা উপকূলবর্তী এলাকায় টহল দিতে ও পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সমুদ্রপথে নজরদারি ক্ষমতা আরও জোরদার হবে এই জাহাজের মাধ্যমে।

তৃতীয় জাহাজ ‘অগ্র’ অগভীর জলে ব্যবহারের উপযোগী ডুবোজাহাজ-বিধ্বংসী যুদ্ধজাহাজ। এটি শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম। ফলে উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

এই তিনটি যুদ্ধজাহাজ একযোগে যুক্ত হওয়ায় ভারতীয় নৌবাহিনীর প্রতিরক্ষা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই ধরনের উন্নত স্বদেশি প্রযুক্তি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে এবং বিদেশের উপর নির্ভরতা কমাবে।

বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই সাফল্য শুধু প্রতিরক্ষা খাতেই নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এতে নৌবাহিনীর শক্তি বাড়ার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতেও এর প্রভাব পড়তে পারে।

Advertisement