• facebook
  • twitter
Tuesday, 31 March, 2026

১ এপ্রিল থেকে বড় আর্থিক বদল, আয়কর থেকে এলপিজি— কী কী পাল্টাচ্ছে জানুন

বেশ কিছু ব্যাঙ্ক ইতিমধ্যেই এটিএম ও ইউপিআই-ভিত্তিক নগদ তোলার চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্দিষ্ট সংখ্যক ফ্রি লেনদেনের পর গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে।

প্রতীকী চিত্র

আগামীকাল থেকে শুরু হচ্ছে নতুন আর্থিক বছর। ফলে দেশে একগুচ্ছ গুরুত্বপূর্ণ আর্থিক ও প্রশাসনিক নিয়মে বড় পরিবর্তন কার্যকর হতে চলেছে ১ এপ্রিল থেকে। দৈনন্দিন জীবনে সাধারণ মানুষের উপর যার সরাসরি প্রভাব পড়বে। আয়কর, প্যান কার্ড, ব্যাঙ্কিং, ট্রেন টিকিট থেকে শুরু করে রান্নার গ্যাস— একাধিক ক্ষেত্রে আসছে নতুন নিয়ম।

নতুন আয়কর আইনে সবচেয়ে বড় পরিবর্তন আসছে। ১৯৬১ সালের পুরনো আইনকে সরিয়ে চালু হচ্ছে নতুন কাঠামো, যা কর ব্যবস্থাকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে আনা হয়েছে। নতুন ব্যবস্থায় নিয়মের সংখ্যা কমানো হয়েছে, ফর্ম সহজ করা হয়েছে। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। এখনও ৩১ আগস্ট পর্যন্ত সময় পাওয়া যাবে নন-অডিট করদাতাদের জন্য।

Advertisement

প্যান কার্ডে বড় বদলও কার্যকর হচ্ছে ১ এপ্রিল থেকে। নতুন নিয়ম অনুযায়ী, প্যান কার্ডে নাম আধার অনুযায়ীই থাকবে। আলাদা করে নাম দেওয়ার সুযোগ আর থাকবে না। পাশাপাশি, প্যানের জন্য আবেদন করতে গেলে আধারের পাশাপাশি আরও নথি জমা দেওয়া বাধ্যতামূলক হতে চলেছে। নতুন শ্রম আইনের প্রভাবেও বদল আসতে পারে কর্মীদের বেতনে। বিশেষজ্ঞদের মতে, ‘টেক-হোম’ বেতন কিছুটা কমতে পারে, কারণ বেসিক বেতনের অংশ বাড়ানো হবে। এর ফলে প্রভিডেন্ট ফান্ডে বেশি টাকা জমা হবে, যদিও ভবিষ্যতে গ্র্যাচুইটির মতো সুবিধা বাড়তে পারে।

Advertisement

ভারতীয় রেলের টিকিট বাতিলের নিয়মও আরও কড়া হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী— ট্রেন ছাড়ার ৮ ঘণ্টার মধ্যে টিকিট বাতিল করলে কোনও টাকা ফেরত মিলবে না। ৮ থেকে ২৪ ঘণ্টার মধ্যে বাতিল করলে প্রায় ৫০ শতাংশ টাকা কাটা যাবে। ২৪ থেকে ৭২ ঘণ্টা আগে বাতিল করলে ২৫ শতাংশ টাকা কাটা হবে।

শুধু তাই নয়, রান্নার গ্যাস বা এলপিজির দামেও পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। আন্তর্জাতিক বাজারের ওঠানামার প্রভাব পড়তে পারে গ্যাসের দামে, ফলে সাধারণ মানুষের মাসিক খরচ বাড়তে পারে। ব্যাঙ্কিং ক্ষেত্রেও আসছে নতুন নিয়ম। বেশ কিছু ব্যাঙ্ক ইতিমধ্যেই এটিএম ও ইউপিআই-ভিত্তিক নগদ তোলার চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নির্দিষ্ট সংখ্যক ফ্রি লেনদেনের পর গ্রাহকদের অতিরিক্ত চার্জ দিতে হবে।

এছাড়াও ফাস্ট্যাগের বার্ষিক পাসের দাম বাড়তে পারে এবং কেন্দ্রীয় কর্মীদের জন্য নতুন পেনশন সংক্রান্ত নিয়ম চালু হতে চলেছে। একবারের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম থেকে ন্যাশনাল পেনশন স্কিমে স্যুইচ করার সুযোগ মিলবে। সব মিলিয়ে, ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মগুলি সাধারণ মানুষের খরচ, সঞ্চয়, যাতায়াত এবং আর্থিক পরিকল্পনায় বড় প্রভাব ফেলতে পারে। তাই আগে থেকেই এই পরিবর্তনগুলি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

Advertisement