মহম্মদ শামি, মুকেশ কুমার, শাহবাজ আহমেদদের সঙ্গে এক ঝাঁক তরুণ ক্রিকেটার নিয়ে জাতীয় টি টোয়েন্টি টুর্নামেন্ট মুস্তাক আলি ট্রফিতে নামবে বাংলা দল। সে জন্য তারা বুধবার উড়ে যাচ্ছে মুম্বইয়ে। ওখানেই তাদের মুস্তাক আলির গ্রুপ পর্বের সবকটি ম্যাচ খেলতে হবে।
মুম্বই রওনা হওয়ার আগে চার দিন অনুশীলন করে নিলেন বাংলার ক্রিকেটাররা। প্রথম দু’দিন সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুশীলন করার পর সোমবার ও মঙ্গলবার অভিষেক পোড়েল, অভিমন্যু ঈশ্বরণরা ইডেনের উইকেটে অনুশীলন করেন।
বুধবার মুম্বাই পৌঁছনোর পর তারা ওখানেও কয়েক দফা অনুশীলন করার সুযোগ পাবে। বাংলার প্রথম ম্যাচ শনিবার, ১৪ নভেম্বর, কর্ণাটকের বিরুদ্ধে। এর পরে তাদের খেলতে হবে যথাক্রমে চণ্ডীগড় (১৬ নভেম্বর), ঝাড়খণ্ড (১৮), মিজোরাম (২০), বরোদা (২২), উত্তর প্রদেশ (২৪) ও রাজস্থানের (২৬) বিরুদ্ধে।
বাংলা রয়েছে এলিট ‘এ’ গ্রুপে। এলিটে চারটি গ্রুপ রয়েছে। এ ছাড়াও রয়েছে একটি প্লেট গ্রুপ, যেখানে মূলত সার্ভেসেস ও উত্তর-পূর্বাঞ্চলের দলগুলিকে রাখা হয়েছে। একেকটি গ্রুপের খেলাগুলি হবে একেকটি শহরে। বাংলা যেমন খেলবে মুম্বইয়ে গিয়ে, তেমনই মুম্বই দল আসছে কলকাতায় ‘ডি’ গ্রুপের ম্যাচগুলি খেলতে।
বাংলা দলকে নেতৃত্ব দেবেন অভিমন্যু ঈশ্বরণ, যিনি রঞ্জি ট্রফিতেও দলের অধিনায়ক। এ ছাড়াও দলে রয়েছেন সুদীপ কুমার ঘরামি, যুবারাজ কেশওয়ানি, আদিত্য পুরোহিত, অভিষেক পোড়েল (উইকেটকিপার), শাকির হাবিব গান্ধী (উইকেটকিপার), করণ লাল, প্রদীপ্ত প্রামানিক, সৌরভ হালদার প্রয়াস রায়বর্মন, মহম্মদ শামি, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, কণিষ্ক শেঠ, সায়ন ঘোষ, সৈয়দ ইরফান আফতাব, অখিলেশ যাদব, ঋষভ চৌধুরি ও শশাঙ্ক সিং।
ডিসেম্বরে আইপিএলের ক্রিকেটারদের নিলাম। তার আগে মুস্তাক আলি ট্রফিতে ভাল পারফরম্যান্স দেখাতে পারলে ফ্র্যাঞ্চাইজিগুলির নজরে পড়বে, এই তাগিদ নিয়েই মাঠে নামেন তরুণ ক্রিকেটাররা। বাংলার ক্রিকেটারদের সামনেও সেই লক্ষ্য থাকবে বলে মনে করেন দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা।
প্রাক্তন কেকেআর ক্রিকেটার লক্ষ্মীরতন মঙ্গলবার অনুশীলনের পরে এক ভিডিও বার্তায় বলেন, ‘মুস্তাক আলি ট্রফিতে ভাল পারফরম্যান্স দেখিয়ে আইপিএলের মতো মঞ্চে যাওয়ার সুযোগ পাওয়া যায়। আমাদের ছেলেদের ওখানে ভাল খেলতে হবে। আশা করি, ওরা ভাল পারফরম্যান্স দেখাবে। গত চারদিন আমাদের ভাল অনুশীলন হয়েছে। ছেলেরা খুব ভাল অবস্থায় আছে। আমাদের হয়ে মহম্মদ শামি মাঠে নামবে। মুকেশ কুমার নিউজিল্যান্ড থেকে ফিরে আসছে। তবে শাহবাজ আহমেদকে প্রথম ম্যাচের পরে ছেড়ে দিতে হবে। ও চলে যাবে ভারতীয় দলের হয়ে খেলতে। তবে ছেলেরা তৈরি, মুম্বইয়ে গিয়ে নিজেদের উজাড় করে দিতে’।




