মধ্যপ্রদেশের ইন্দোরের পাশাপাশি দিল্লিতেও ভয়াবহ আগুন। দক্ষিণ-পশ্চিম দিল্লির পালামে মেট্রো স্টেশনের কাছে বহুতলে আগুন লাগে। বুধবার সকালে এই দুর্ঘটনাটি ঘটে। ঘটনায় এখনও পর্যন্ত নয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে খবর। আগুন লাগার পর দমকলে খবর দেওয়া হয়। দমকলের ৩০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এখনও পর্যন্ত দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে খবর।
বুধবার সকাল সাতটার সময় পালাম মেট্রো স্টেশনের কাছে শ্রী রাম চকের ২ নম্বর গলির ওই বাড়িতে আগুন লাগে। ঘিঞ্জি এলাকা হওয়ায় বেগ পেতে হয় দমকলকে। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়েন দমকলের কর্মীরা।
ওই বাড়িটির বেসমেন্ট, গ্রাউন্ড ফ্লোর এবং প্রথম তলা পোশাক ও প্রসাধনী সামগ্রী মজুতের জন্য ব্যবহার করা হতো বলে খবর। প্রাথমিক ভাবে অনুমান, ওই ফ্লোরগুলি থেকেই আগুন ছড়ায়। বিপুল পরিমাণ দাহ্য পদার্থের উপস্থিতির কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বিল্ডিংয়ে। ওই বহুতলের নীচের ফ্লোর স্টোররুমের কাজে ব্যবহার হলেও দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকত কয়েকটি পরিবার।
আগুন ও ধোঁয়ার জেরে মৃত্যু হয়েছে অন্তত নয়জনের। মৃতের সংখ্যা আরও বাড়াতে পারে। প্রাণে বাঁচতে উপর থেকে ঝাঁপিয়ে পড়েন দুই ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। শর্ট সার্কিট বা অন্য কোনও প্রযুক্তিগত ত্রুটি থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। অগ্নিনির্বাপন ব্যবস্থা যথাযথ ছিল কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর তরনজিৎ সিং সান্ধু গভীর শোক প্রকাশ করেছেন। প্রশাসন গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্য দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এ ছাড়াও, ঘটনার কারণ ও সম্ভাব্য গাফিলতি খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। শোক প্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘পালামের আগুন লাগার ঘটনায় আমি মর্মাহত। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। চলছে উদ্ধারকাজ। ঘটনার তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’




