• facebook
  • twitter
  • youtube
Wednesday, 3 June, 2026

দিল্লির মালব্য নগরে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু ২১ জনের, নিহতদের অধিকাংশই বিদেশি

প্রধানমন্ত্রী শোকপ্রকাশ এবং ক্ষতিপূরণের ঘোষণা

দক্ষিণ দিল্লির মালব্য নগরের ভয়াবহ আগুন লাগে। একটি গেস্ট হাউস-সহ রেস্তোরাঁয় বুধবার সকালে ভয়াবহ আগুন লেগে যায়। আগুন কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। পুলিশ জানিয়েছেন, নিহতদের অধিকাংশই বিদেশি নাগরিক ছিলেন। তাঁরা চিকিৎসার জন্য রাজধানীতে এসেছিলেন। উদ্ধারকারী দল ও দমকল কর্মীরা অভিযান চালিয়ে ৪০ জনের বেশি লোককে উদ্ধার করা হয়েছে।

আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে দিল্লিতে ঘটে যাওয়া সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের মধ্যে এটি অন্যতম। নিহতদের পরিবারদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দিল্লি সরকার ও লেফটেন্যান্ট গভর্নরের কার্যালয়ও ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে।

পুলিশ জানিয়েছে, সকাল ৮টা ৪৮ মিনিটে মালব্য নগরের ফ্লারিশ স্টে বি অ্যান্ড বি-তে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে স্থানীয় পুলিশ, দমকল বাহিনী ও দুর্যোগ মোকাবিলা দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দক্ষিণ দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার(ডিসিপি) অনন্ত মিত্তল সাংবাদিকদের জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার ও ত্রাণ অভিযান শুরু হয়। তিনি আরও বলেন, ‘আজ সকাল ৮টা ৪৮ মিনিটে মালব্য নগরের ফ্লারিশ স্টে বি অ্যান্ড বি-তে আগুন লাগার খবর পাই। স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আটটি দমকল ইঞ্জিনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।‘

তিনি আরও জানান, ‘৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ, দমকল বাহিনী এবং অন্যান্য জরুরি পরিষেবার যৌথ প্রচেষ্টায় ৪০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই মর্মান্তিক ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে।‘

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্সে লেখা হয়েছে, ‘দিল্লির মালব্য নগরে অগ্নিকাণ্ডে প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ক্ষতিগ্রস্তদের সবরকম সহায়তা দেওয়া হচ্ছে।‘ ঘোষণা অনুযায়ী, নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

দিল্লিরমুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, ঘটনার খবর পাওয়ার পরই জরুরি পরিষেবা দেওয়ার জন্য সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়। তিনি বলেন, ‘মালব্য নগরের এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।‘  তিনি আরও বলেন, দিল্লি ফায়ার সার্ভিস,দিল্লি পুলিশ, ডিডিএমএ, ক্যাটস অ্যাম্বুল্যান্স সার্ভিস-সহ বিভিন্ন সংস্থা উদ্ধার ও ত্রাণকাজে অংশ নিয়েছে এবং ক্ষতিগ্রস্তদের চিকিৎসা-সহ সবরকম সহায়তা দেওয়া হচ্ছে।

বিজেপি বিধায় সতীশ উপাধ্যায় জানান, ভবনটি থেকে মোট ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৪৭ জনকে উদ্ধার করা হয়েছে।‘ তাঁর দাবি, ভবনটিতে বাংলাদেশ-সহ বিভিন্ন সার্কভুক্ত দেশের নাগরিকরা চিকিৎসার উদ্দেশে দিল্লিতে এসেছিলেন।

অন্যদিকে, প্রাক্তন আম আদমি পার্টির বিধায়ক সোমনাথ ভারতী দাবি করেন, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তিনি নিহতদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন এবং ঘটনার বিস্তারিত তদন্তের জন্য আর্জি জানিয়েছেন।

তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্তকারীরা খতিয়ে দেখছেন কীভাবে আগুন লাগল। ভবনটিতে অগ্নিনিরাপত্তা বিধি মানা হয়েছিল কি না এবং কী কারণে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে।