মীনাক্ষী ভট্টাচার্য
দিল্লি, ১৫ মার— বাংলা-সহ পাঁচটি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে ভোটের দিনক্ষণ ঘোষণা করা হয়। বৈঠকে নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ উপস্থিত ছিল।
Advertisement
পশ্চিমবঙ্গের বর্তমান বিধানসভার মেয়াদ শুরু হয়েছিল ২০২১ সালের ৭ মে। সংবিধান অনুযায়ী সেই হিসেবে আগামী ৭ মে-র মধ্যেই নতুন বিধানসভা গঠন করতে হবে। তাই তার আগেই ভোট প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে কমিশন এই ঘোষণা করেছে।
Advertisement
নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমার জানান, এবারের ভোটে পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার অংশ নেবেন। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। এই বিশাল নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার জন্য প্রায় ১৫ লক্ষ ভোটকর্মী নিয়োগ করা হচ্ছে। নিরাপত্তার জন্য প্রায় সাড়ে ৮ লক্ষ নিরাপত্তাকর্মী মোতায়েন থাকবে। পাশাপাশি ৪৯ হাজার মাইক্রো অবজারভার, ১,৪৪৪ জন অবজারভার, ২১ হাজার সেক্টর অফিসার এবং প্রায় ৪০ হাজার গণনাকর্মী দায়িত্ব পালন করবেন।
কমিশনের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে বর্তমানে মোট ভোটার সংখ্যা প্রায় ৬ কোটি ৪৪ লক্ষ। এর মধ্যে পুরুষ ভোটার ৩ কোটি ২৮ লক্ষ এবং মহিলা ভোটার ৩ কোটি ১৬ লক্ষ। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১,১৫২ জন।
যদিও এসআইআর নিয়ে এখনও বিতর্ক অব্যাহত। কমিশনের হিসাব অনুযায়ী, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের নাম নিয়ে যাচাই প্রক্রিয়া চলছে।
Advertisement



