ভোটের আগেই রাজ্যের রাজনৈতিক আবহ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। দলটির শীর্ষ নেতৃত্ব সরাসরি জাতীয় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দাবি করেছে, কমিশন নিরপেক্ষভাবে কাজ করছে না। বরং তাদের আচরণে পক্ষপাতিত্বের ছাপ স্পষ্ট বলে অভিযোগ রাজ্যের শাসকদলের।
মঙ্গলবার তৃণমূল ভবনে এক সাংবাদিক বৈঠকে বিদায়ী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ একযোগে কমিশনের বিরুদ্ধে সরব হন। চন্দ্রিমা বলেন, ‘নির্বাচন কমিশন এখন আর স্বাধীন সংস্থা হিসেবে কাজ করছে না। বরং একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করছে।’ তাঁর বক্তব্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সাম্প্রতিক সফর নিয়েও প্রশ্ন তোলা হয়। অভিযোগ, ওই সফরের সময় নির্দিষ্ট রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করছে।
Advertisement
এছাড়া, ভিন রাজ্য থেকে আনা পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আপত্তি জানানো হয়েছে। তৃণমূলের দাবি, যাঁদের বিরুদ্ধে অতীতে নানা অভিযোগ রয়েছে, তাঁদেরই গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানো হচ্ছে, যা নির্বাচনকে প্রভাবিত করতে পারে।
Advertisement
সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে ভোটার তালিকা নিয়ে। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ দাবি করেন, লক্ষ লক্ষ বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু ও মতুয়া সম্প্রদায়ের ভোটারদের লক্ষ্য করে এই কাজ করা হচ্ছে বলেও অভিযোগ। এই ইস্যুতে ইতিমধ্যেই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামী শুনানিতে বিষয়টি আদালতে তোলা হবে বলে জানিয়েছেন দলীয় নেতৃত্ব। এখন কমিশনের প্রতিক্রিয়া এবং আদালতের নির্দেশই নির্ধারণ করবে পরিস্থিতির পরবর্তী গতিপথ।
Advertisement



