• facebook
  • twitter
Monday, 16 March, 2026

পুরোহিত ও ইমামদের ভাতা বৃদ্ধি

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে পুরোহিত ও ইমাম মুয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন থেকে তাঁরা মাসে ২০০০ টাকা করে পাবেন।

প্রতিনিধিত্বমূলক চিত্র

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার রাজ্যের পুরোহিত ও ইমাম মুয়াজ্জেমদের আর্থিক সহায়তা বাড়ালেন মুখ্যমন্ত্রী। রবিবার সমাজমাধ্যমে একটি পোস্ট করে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, আমাদের পুরোহিত ও মুয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়েছে।

‘সমাজের আধ্যাত্মিক ও সামাজিক বন্ধন বজায় রাখতে এই মানুষগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাতা বৃদ্ধির ফলে এখন থেকে তাঁরা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবেন। এতদিন তাঁরা ১৫০০ টাকা করে পেতেন।’ একইসঙ্গে পুরোহিত ও মুয়াজ্জেমদের পক্ষ থেকে জমা দেওয়া সমস্ত আবেদন পত্র গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরোহিত ও ইমাম মুয়াজ্জেমরা। এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতার পরিমাণ বৃদ্ধি হওয়ায় তাঁরাও আশাবাদী ছিলেন। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণায় পুরোহিত ও ইমামদের সেই অভিলাষই পূর্ণ হল বলা যায়।

Advertisement

ভাতাবৃদ্ধির কথা ঘোষণা করে মুখ্যমন্ত্রী এক্স পোস্টে লিখেছেন, ‘সমাজের আধ্যাত্মিক ও সামাজিক বন্ধন বজায় রাখতে এই মানুষগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের দীর্ঘদিনের দাবিকে মর্যাদা দিতেই ভাতার এই বর্ধিত হার অবিলম্বে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আমাদের রাজ্যে প্রতিটি ধর্ম ও ঐতিহ্যকে সমান গুরুত্ব দেওয়া হয়। বাংলার সমৃদ্ধ আধ্যাত্মিক ঐতিহ্যকে যাঁরা রক্ষা করে চলেছেন, তাঁদের প্রাপ্য স্বীকৃতি ও সহায়তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’

Advertisement

এর আগে অন্তর্বর্তীকালীন বাজেটে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সাহায্য বৃদ্ধি করা হয়েছিল। ২০১১ সালে রাজ্যে সরকার গঠনের পর একাধিক সমাজকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু মহিলা নয়, রাজ্যের প্রতিটি মানুষের জন্য তিনি একাধিক সামাজিক সুরক্ষামূলক প্রকল্প চালু করেছেন। এর আগে তিনি ছাত্র-ছাত্রীদের জন্যও একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। বেকার যুবক-যুবতীদের জন্য চালু করেছেন যুবসাথী প্রকল্প। দীর্ঘদিন ধরেই রাজ্যে চালু রয়েছে পুরোহিত ও মোয়াজ্জেম ভাতা। এবার ভোটের মুখে সেই ভাতার পরিমাণ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।

রাজ্যের প্রায় আট হাজার পুরোহিত মাসিক ভাতা পেয়ে থাকেন। প্রথমে পুরোহিত এবং মোয়াজ্জেমরা ১০০০ টাকা ভাতা পেতেন। পরে তা ৫০০ টাকা বৃদ্ধি করা হয়। এ বার তা আরও ৫০০ টাকা বাড়িয়ে ২০০০ টাকা করা হল। রবিবার বিকেল ৪টেয় দিল্লির বিজ্ঞান ভবন থেকে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার আগে মুখ্যমন্ত্রীর ভাতাবৃদ্ধির ঘোষণায় অনেকেই রাজনৈতিক অঙ্ক দেখছেন। বিজেপি-সহ বিরোধীদের অভিযোগ, ভাতা বৃদ্ধি করে ভোট কিনতে চাইছেন মুখ্যমন্ত্রী।

Advertisement